× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রেণিকক্ষ ছেড়ে ব্যারিকেডে শিক্ষার্থীরা, উত্তাল ফ্রান্স

সহিদুল আলম স্বপন, জেনেভা, সুইজারল্যান্ড প্রতিনিধি

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ২১:৪৩ পিএম

শ্রেণিকক্ষ ছেড়ে ব্যারিকেডে শিক্ষার্থীরা, উত্তাল ফ্রান্স

পর্যাপ্ত শিক্ষক, শ্রেণিকক্ষে প্রয়োজনীয় আসন ও পড়াশোনার উপযুক্ত পরিবেশের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন এখন ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়েছে। শত শত বিদ্যালয়ে পাঠদান ব্যাহত হওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষ, ধরপাকড় ও আহত হওয়ার ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। শিক্ষকসংকট, অতিরিক্ত শিক্ষার্থী ও বিদ্যালয়ের অবকাঠামোগত দুরবস্থার প্রতিবাদে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়েছেন শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরাও।

মঙ্গলবার (৬ অক্টোবর) শিক্ষার্থীদের দাবির সমর্থনে দেশজুড়ে নতুন করে বিক্ষোভ হয়। ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে এতে অংশ নিয়েছেন প্রায় ২ লাখ ৫৬ হাজার মানুষ। আয়োজকদের দাবি, অংশগ্রহণকারীর সংখ্যা সাড়ে চার লাখ। একই দিনে প্যারিস, লিয়ন, মার্সেইসহ বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটে।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, গত ২১ সেপ্টেম্বর প্যারিসের উপকণ্ঠের ক্রেতেইয়ের সাঁ-এক্সুপেরি উচ্চবিদ্যালয়কে কেন্দ্র করে আন্দোলনের সূত্রপাত। শিক্ষক ও শিক্ষা উপকরণের ঘাটতির প্রতিবাদে ধর্মঘটরত শিক্ষকদের পাশে দাঁড়ান শিক্ষার্থীরা। অতিরিক্ত শিক্ষক পাঠানোর পর স্থানীয় ধর্মঘটের অবসান হলেও আন্দোলন ততক্ষণে অন্য বিদ্যালয়গুলোতে ছড়িয়ে পড়ে।

প্রথমদিকে প্যারিস ও আশপাশের উচ্চবিদ্যালয়ের প্রবেশপথে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে উত্তরের লিল থেকে দক্ষিণের মার্সেই পর্যন্ত বিভিন্ন শহরে গড়ে ওঠে অবরোধ। শিক্ষার্থী নেতা মানেস নাদেলের ভাষায়, আন্দোলন ছড়িয়েছে দাবানলের মতো। শিক্ষার্থীদের দীর্ঘদিনের সমস্যাগুলো গুরুত্ব না পাওয়ায় পরিস্থিতি এ পর্যায়ে পৌঁছেছে। এই ক্ষোভের পেছনে রয়েছে শিক্ষা ব্যবস্থার দীর্ঘদিনের সংকট।

শিক্ষার্থীদের অভিযোগ, অনেক শ্রেণিকক্ষে পর্যাপ্ত চেয়ার-ডেস্ক নেই। শিক্ষক অনুপস্থিত থাকলে বিকল্প শিক্ষক না পাওয়ায় ক্লাস বাতিল হয়। জরাজীর্ণ ভবন ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণের অভাবও পড়াশোনায় বাধা সৃষ্টি করছে। বিশেষ করে তুলনামূলক দরিদ্র এলাকার বিদ্যালয়গুলোতে এসব সমস্যার প্রভাব বেশি।

শিক্ষার্থীদের ভাষ্য, পরীক্ষায় ভালো ফলাফলের প্রত্যাশা করা হলেও প্রস্তুতির জন্য ন্যূনতম সুযোগ অনেকেই পাচ্ছে না। বিদ্যালয়ভেদে সুযোগ-সুবিধার বৈষম্য তাদের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা বাড়াচ্ছে। ফলে শিক্ষক ও শিক্ষা উপকরণের ঘাটতি পূরণের পাশাপাশি আন্দোলনে গুরুত্ব পাচ্ছে শিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করার দাবি।

এদিকে আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনাও ঘটেছে। বিভিন্ন স্থানে আবর্জনার পাত্রে আগুন, বিদ্যালয়ের প্রবেশপথে ব্যারিকেড, ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষের খবর পাওয়া গেছে। সোমবার পর্যন্ত প্রায় ৪০০ থেকে ৫০০ উচ্চবিদ্যালয়ে পাঠদান সম্পূর্ণ বা আংশিক বন্ধ ছিল। বিভিন্ন ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক ও পুলিশ সদস্য আহত হয়েছেন।

সবচেয়ে গুরুতর ঘটনাগুলোর একটি ঘটেছে উত্তরাঞ্চলীয় শহর লঁসে। সেখানে পুলিশের ছোড়া একটি গ্রেনেড তুলে নেওয়ার পর বিস্ফোরণে ১৫ বছর বয়সী এক কিশোরের হাত ও বাহুর অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাটি তদন্তাধীন। এ ঘটনায় পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগও উঠেছে।

মঙ্গলবার প্রকাশিত রয়টার্সের এক প্রতিবেদনে ফ্রান্সের বিচার মন্ত্রণালয়ের বরাতে বলা হয়, আন্দোলন শুরুর পর এখন পর্যন্ত ৫ হাজার ৬০ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের ৮৭ শতাংশই অপ্রাপ্তবয়স্ক। এ ছাড়া এক হাজার ৮০০ জনের বেশি মানুষের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম চলছে এবং ৭৯০টি মামলা খারিজ হয়েছে। ব্যাপক ধরপাকড় এবং আটক ব্যক্তিদের বড় অংশ অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে বিতর্কও তৈরি হয়েছে।

আন্দোলনকে ঘিরে রাজনৈতিক পাল্টাপাল্টি অভিযোগও দেখা দিয়েছে। সরকার বামপন্থি দল লা ফ্রঁস আঁসুমিজের বিরুদ্ধে বিক্ষোভ উসকে দেওয়ার অভিযোগ তুলেছে। দলটি তা অস্বীকার করে শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছে। দলটির নেতাদের বক্তব্য, তারা সহিংসতার বিরোধিতা করলেও আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে থাকবেন।

সরকারের অবস্থান, প্রতিবাদের অধিকার থাকলেও অগ্নিসংযোগ, ভাঙচুর ও হামলা গ্রহণযোগ্য নয়। প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু সহিংসতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থার সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে সরকার। শিক্ষামন্ত্রী এদুয়ার জেফ্রে সমস্যাগ্রস্ত বিদ্যালয়গুলো চিহ্নিত করে শিক্ষকসংকট মোকাবিলায় দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

তবে আন্দোলনকারীদের অভিযোগ, শিক্ষা সংকট সমাধানের চেয়ে সরকার এত দিন আইনশৃঙ্খলার বিষয়টিকেই বেশি গুরুত্ব দিয়েছে। শিক্ষার্থী নেতা মানেস নাদেলের দাবি, শিক্ষার্থীদের কথা শোনা হচ্ছে না বলেই ক্ষোভ বাড়ছে। শিক্ষার্থী নেতাদের সঙ্গে আলোচনা হলেও আন্দোলন প্রত্যাহারের মতো সমঝোতা এখনো হয়নি।

ফ্রান্সে ছাত্র আন্দোলনের দীর্ঘ ঐতিহাসিক পটভূমি রয়েছে। ১৯৬৮ সালের মে মাসে শিক্ষার্থীদের আন্দোলন বৃহত্তর শ্রমিক ধর্মঘটে রূপ নিয়েছিল। এবারের আন্দোলন কোথায় গিয়ে থামবে, তা এখনো স্পষ্ট নয়। তবে আন্দোলনকারীদের প্রধান দাবিগুলো স্পষ্ট—নিয়মিত শিক্ষক, উপযুক্ত শ্রেণিকক্ষ এবং মানসম্মত শিক্ষা গ্রহণের প্রয়োজনীয় সুযোগ। সরকারের আশ্বাসের কতটা বাস্তবায়ন হয়, তার ওপরই নির্ভর করছে বিদ্যালয়গুলোতে স্বাভাবিক পরিবেশ ফেরার সম্ভাবনা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা