এম. মেহেদুল খাঁন, সৌদি আরব (রিয়াদ) প্রতিনিধি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ১৯:২৭ পিএম
সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় আইন ও সামাজিক শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
বৃহস্পতিবার (১ অক্টোবর) এ বিষয়ে প্রবাসীদের সতর্ক করে বিজ্ঞপ্তি জারি করেছে দূতাবাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরবের স্থানীয় আইন ও সামাজিক শান্তি-শৃঙ্খলা পরিপন্থী কিংবা বিতর্কিত কোনো কর্মকাণ্ড থেকে প্রবাসীদের বিরত থাকতে হবে। বিশেষ করে সংরক্ষিত এলাকা, স্থাপনা এবং সংবেদনশীল কোনো ঘটনা বা বিষয় নিয়ে ছবি তোলা ও ভিডিও ধারণ থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া ফেসবুক, ইউটিউব, এক্সসহ সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় আইন, জননিরাপত্তা বা জনশৃঙ্খলার পরিপন্থী কোনো বিষয় প্রকাশ, প্রচার, সংরক্ষণ, আদান-প্রদান, লাইক, কমেন্ট বা শেয়ার না করার জন্য প্রবাসীদের অনুরোধ করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, দূতাবাস ও কূটনৈতিক এলাকার ভেতরে, বাইরে বা আশপাশে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করা এবং অনুমতি ছাড়া ছবি বা ভিডিও ধারণ থেকেও বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
দূতাবাস জানিয়েছে, এসব নির্দেশনা অমান্য করলে সৌদি আরবের স্থানীয় আইনে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। নিরাপদ ও সুশৃঙ্খল প্রবাসীজীবন নিশ্চিত করতে দায়িত্বশীল আচরণ, সচেতনতা এবং সৌদি আরবের আইন ও বিধিবিধানের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের জন্য সব বাংলাদেশির প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস, রিয়াদ।