× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মরদেহ পাঠানোর নামে চাঁদা সংগ্রহে কুয়েত দূতাবাসের সতর্কতা

লুৎফুর রহমান, কুয়েত প্রতিনিধি

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ১৯:০৭ পিএম

কুয়েতের বাংলাদেশ দূতাবাস।

কুয়েতের বাংলাদেশ দূতাবাস।

কুয়েতে আকামাবিহীন কোনো বাংলাদেশি কর্মীর মৃত্যু হলে তার মরদেহ দেশে পাঠানোর কথা বলে সামাজিক যোগাযোগমাধ্যমে চাঁদা সংগ্রহের অপতৎপরতার অভিযোগ উঠেছে। 

রবিবার (৪ অক্টোবর) এ বিষয়ে প্রবাসীদের সতর্ক করে জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের কাউন্সেলর মো. শোয়াইব-উল-ইসলাম তরফদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মরদেহ দেশে পাঠানোর অজুহাতে কোনো ধরনের অবৈধ অর্থ সংগ্রহ বা চাঁদা তোলার সঙ্গে জড়িত হওয়া সম্পূর্ণ আইনবিরুদ্ধ।

বিজ্ঞপ্তিতে কুয়েতের শ্রম আইনের বিভিন্ন ধারার উল্লেখ করে বলা হয়েছে, ১৮ নম্বর ভিসায় কর্মরত কোনো প্রবাসী কর্মী মারা গেলে তার মরদেহ বাংলাদেশে পাঠানোর খরচ সংশ্লিষ্ট কোম্পানি বা প্রতিষ্ঠান বহন করার বিধান রয়েছে। একইভাবে ২০ নম্বর ভিসায় ব্যক্তিগত কাফিলের অধীনে কর্মরত কোনো বাংলাদেশি কর্মীর মৃত্যু হলেও মরদেহ দেশে পাঠানোর সব খরচ সংশ্লিষ্ট কাফিল বা নিয়োগকর্তাকে বহন করতে হবে। তবে কোনো কর্মীর বৈধ কাফিল বা নিয়োগকর্তা না থাকলে এবং তিনি আকামাবিহীন অবস্থায় মারা গেলে, তার মরদেহ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা কুয়েতের বাংলাদেশ দূতাবাস নিজস্ব আর্থিক সহায়তায় করে থাকে।

এ ধরনের আইনি ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা থাকা সত্ত্বেও একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাধারণ প্রবাসীদের কাছ থেকে অর্থ বা চাঁদা সংগ্রহের চেষ্টা করছে বলে জানিয়েছে দূতাবাস। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কুয়েতপ্রবাসী বাংলাদেশিদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অর্থ সংগ্রহের যেকোনো আহ্বানে বিভ্রান্ত না হয়ে তাতে সাড়া না দেওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো আকামাবিহীন বাংলাদেশি কর্মী কুয়েতে মারা গেলে তার মরদেহ দেশে পাঠানোর জন্য কারও কাছে চাঁদা তোলার প্রয়োজন নেই। মৃত ব্যক্তির পরিবার, স্বজন বা শুভাকাঙ্ক্ষীদের সরাসরি বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করে লিখিতভাবে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। আবেদনের পর দূতাবাস নিজ দায়িত্বে আইনি প্রক্রিয়ায় মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা