লুৎফুর রহমান, কুয়েত থেকে
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ ১৮:৫৭ পিএম
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রানজিট ফ্লাইট চালু হয়েছে—এমন খবরকে ভিত্তিহীন বলে জানিয়েছে দেশটির সিভিল এভিয়েশন অথরিটি। কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরের ট্রানজিট কার্যক্রমের ওপর আরোপিত স্থগিতাদেশ এখনো বহাল রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
সিভিল এভিয়েশন অথরিটির মুখপাত্র আবদুল্লাহ আল রাজহি শুক্রবার (২ অক্টোবর) কুয়েতের গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, জাজিরা এয়ারওয়েজ বা অন্য কোনো বিমান সংস্থার সঙ্গে ট্রানজিট অপারেশন পুনরায় চালুর বিষয়ে কোনো ধরনের পূর্বানুমোদন বা সমন্বয় করা হয়নি। তবে অনুমোদন ছাড়াই ট্রানজিট ফ্লাইট চালুর ঘোষণা দেওয়ায় জাজিরা এয়ারওয়েজের বিরুদ্ধে ইতোমধ্যে প্রশাসনিক ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
মূলত এ অঞ্চলের সাম্প্রতিক সংঘাত ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে যাত্রী, বিমান ও বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ট্রানজিট কার্যক্রম স্থগিত রাখা হয়েছিল। কর্তৃপক্ষের নির্ধারিত নিয়ম, নীতিমালা ও নির্দেশনা লঙ্ঘনের অভিযোগে জাজিরা এয়ারওয়েজের বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
সিভিল এভিয়েশন অথরিটি সাধারণ যাত্রীদের সতর্ক করে জানিয়েছে, ট্রানজিট পরিষেবা পুনরায় চালুর বিষয়ে কোনো সরকারি বা প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হলে তা কেবল কর্তৃপক্ষের অফিসিয়াল চ্যানেলের মাধ্যমেই জানানো হবে। তাই বিভ্রান্তিকর কোনো খবরে কান না দিয়ে এ বিষয়ে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে যাত্রীদের অনুরোধ করা হয়েছে।