× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুয়েতের শ্রমবাজারে ‘ফ্রি ভিসা’ নেই, দালালের ফাঁদে প্রবাসীরা

লুৎফুর রহমান, কুয়েত থেকে

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ ২০:১৯ পিএম

কুয়েতের শ্রমবাজারে ‘ফ্রি ভিসা’ নেই, দালালের ফাঁদে প্রবাসীরা

কুয়েতের ঝকঝকে আকাশচুম্বী অট্টালিকা ও উন্নত জীবনের আকর্ষণে বুকভরা স্বপ্ন নিয়ে প্রতিবছর অসংখ্য মানুষ পাড়ি জমান প্রবাসে। কিন্তু ভাগ্য অন্বেষণে কুয়েতে পৌঁছানোর পর অনেকেরই সেই স্বপ্ন ভেঙে যায় বাস্তবতার কঠিন পরিস্থিতিতে। ভিটেমাটি বিক্রি কিংবা চড়া সুদে ঋণ নিয়ে কুয়েতে আসা এসব প্রবাসী পরে জানতে পারেন, শ্রমবাজারে বহুল প্রচলিত তথাকথিত ‘ফ্রি ভিসা’ বা মুক্ত ভিসার কোনো আইনগত স্বীকৃতি নেই। কুয়েতের শ্রম আইন অনুযায়ী এ ধরনের কোনো ভিসা দেওয়া হয় না। ফলে ‘ফ্রি ভিসা’র নামে শ্রমিকদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নেওয়া মূলত অসাধু দালালচক্রের প্রতারণার একটি কৌশল।

কুয়েতে বৈধভাবে কোনো কফিল বা কোম্পানির নামে ভিসা ইস্যু হলে সংশ্লিষ্ট শ্রমিককে নির্ধারিত স্পন্সর বা প্রতিষ্ঠানের অধীনেই কাজ করতে হয়। তবে কিছু দালালচক্র মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ‘ফ্রি ভিসা’র নামে শ্রমিকদের কুয়েতে এনে সেখানে ইচ্ছামতো যেকোনো জায়গায় কাজ করার সুযোগ দেওয়ার কথা বলে। বাস্তবে এ ধরনের ভিসার কোনো আইনগত স্বীকৃতি নেই।

এ ছাড়া ২০ নম্বর বা খাদেম ভিসারও অপব্যবহার হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এই ধরনের ভিসা মূলত গৃহকর্মী বা ব্যক্তিগত গাড়িচালকের মতো নির্দিষ্ট কাজের জন্য দেওয়া হয়। এ ভিসায় কুয়েতে এসে নির্ধারিত কাজের বাইরে দোকানপাট, নির্মাণকাজসহ অন্য পেশায় যুক্ত হলে তা আইনবহির্ভূত।

কুয়েতের আইন অনুযায়ী, নির্ধারিত স্পন্সরের বাইরে স্বাধীনভাবে কাজ করার সুযোগ নেই। স্পন্সরের সঙ্গে চুক্তির বাইরে কাজ করলে যেকোনো সময় আকামা বাতিল কিংবা ‘হুরুব’ (পলাতক) মামলা হতে পারে। এতে সংশ্লিষ্ট শ্রমিক আইনি জটিলতায় পড়ার পাশাপাশি আটক ও দেশে ফেরত পাঠানোর ঝুঁকিতে পড়েন। কুয়েতে অবৈধভাবে বসবাস ও কাজের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানও জোরদার হয়েছে। নিয়মিত অভিযানে আইন লঙ্ঘনকারীদের আটক করে নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে।

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন প্রবাসীদের সতর্ক করে বলেন, ‘দালালের প্ররোচনায় বা না বুঝে তথাকথিত ফ্রি ভিসার নামে বিপুল পরিমাণ অর্থ অপচয় করে কুয়েতে এসে সর্বস্বান্ত হবেন না। কুয়েতে আইনগতভাবে ফ্রি ভিসার কোনো সুযোগ নেই এবং এক ভিসায় এসে অন্য পেশায় কাজ করা সম্পূর্ণ বেআইনি। যেকোনো ধরনের আইনি জটিলতা ও প্রতারণা এড়াতে প্রবাসে আসার আগে অবশ্যই কাজের ধরন, বৈধ স্পন্সর ও সঠিক কোম্পানির ভিসা নিশ্চিত করে সঠিক প্রক্রিয়ায় কুয়েতে আসা উচিত।’

বাংলাদেশ প্রেসক্লাব, কুয়েতের সাধারণ সম্পাদক আ.হ. জুবেদ বলেন, কুয়েতে আসার আগেই কাজের ধরন, কোম্পানির বৈধতা ও চুক্তিপত্র ভালোভাবে যাচাই করা জরুরি। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দালালদের পকেটে যাওয়া ঠেকাতে সামাজিক সচেতনতার পাশাপাশি কঠোর আইনি পদক্ষেপ নেওয়া জরুরি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা