প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ ২০:২৮ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৬ ২০:২৮ পিএম
শিক্ষকসংকট, অতিরিক্ত শিক্ষার্থী নিয়ে শ্রেণিকক্ষ পরিচালনা, দীর্ঘ ও অযৌক্তিক সময়সূচিসহ শিক্ষাপ্রতিষ্ঠানের নানা সমস্যার প্রতিবাদে ফ্রান্সে শুরু হওয়া মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। গত সপ্তাহে প্যারিস-সংলগ্ন ইল-দ্য-ফ্রাঁস অঞ্চলে শুরু হওয়া বিক্ষোভ এরই মধ্যে দেশটির বিভিন্ন শহরেও ছড়িয়ে পড়েছে। আন্দোলনে মূলত ১৫ থেকে ১৮ বছর বয়সী লিসে বা উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে।
আন্দোলন দ্রুত বিস্তৃত হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থানে সংঘর্ষ ও আটকের ঘটনাও ঘটেছে। বুধবার দেশজুড়ে ৬২৫ জনকে আটক করা হয়। এদিন ৩৫৬টি স্কুল বিক্ষোভের প্রভাবে পড়ে এবং ৮৩ জন পুলিশ ও জান্দার্ম আহত হন। গত মঙ্গলবারও ৪৪০ জনকে আটক করা হয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনিয়েজ।
শিক্ষামন্ত্রী এদুয়ার জেফ্রে জানান, আন্দোলন শুরুর পর থেকে শিক্ষার্থী ও স্কুলকর্মী মিলিয়ে ১১৯ জন আহত হয়েছেন। বিভিন্ন স্থানে বিক্ষোভকারীরা ময়লার ঝুড়িতে আগুন দেওয়া এবং পুলিশের দিকে বিভিন্ন বস্তু ছোড়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করেছে।
শিক্ষার্থীদের অভিযোগের কেন্দ্রে রয়েছে স্কুলের বাস্তব পরিস্থিতি। অনেক প্রতিষ্ঠানে শিক্ষক ও কর্মীর ঘাটতি, অতিরিক্ত শিক্ষার্থী নিয়ে শ্রেণিকক্ষ পরিচালনা এবং অতিরিক্ত সময়সূচির কারণে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে বলে অভিযোগ তাদের। শিক্ষার্থীরা বদলি শিক্ষক নিয়োগ, বাড়তি সম্পদ বরাদ্দ এবং উন্নত শিক্ষাপরিবেশ নিশ্চিত করার দাবি জানাচ্ছে।
ছাত্র ইউনিয়নের সভাপতি রিয়াদ রানির ভাষ্য, কিছু শ্রেণিকক্ষে ৩২ থেকে ৩৫ জন পর্যন্ত শিক্ষার্থী থাকে পাশাপাশি শিক্ষক ও কর্মীর ঘাটতি রয়েছে। এসব সমস্যার সমাধানে বদলি শিক্ষক নিয়োগ, অতিরিক্ত সম্পদ বরাদ্দ এবং উন্নত শিক্ষার পরিবেশ করার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা।
আন্দোলনটি এমন এক সময়ে ছড়িয়ে পড়েছে, যখন ফ্রান্স সরকার ২০২৭ সালের বাজেটে প্রায় ৫৪ বিলিয়ন ইউরোর সাশ্রয় পরিকল্পনা সামনে এনেছে। সরকারি কর্মচারীদের বেতন স্থির রাখাসহ বিভিন্ন ব্যয় নিয়ন্ত্রণের প্রস্তাব রয়েছে এতে। এর আগে মঙ্গলবার সরকারি খাতের কর্মীরা ধর্মঘটে শিক্ষক, দমকলকর্মী ও অন্যান্য কর্মীরা শিক্ষার্থীদের পাশাপাশি রাস্তায় নামেন।
বিক্ষোভকে কেন্দ্র করে সরকার ও বিরোধীদের মধ্যে রাজনৈতিক বিতর্কও তীব্র হয়েছে। প্রধানমন্ত্রী সেবাস্তিয়ঁ লেকর্নু স্কুলের সামনে সহিংসতার নিন্দা করে বিরোধীদের বিরুদ্ধে আন্দোলনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ তুলেছেন। অন্যদিকে বামপন্থী নেতা জ্যঁ-লুক মেলেঁশঁ সরকারের প্রতিক্রিয়ার সমালোচনা করেছেন। সরকার সহিংসতার নিন্দা জানালেও শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যার সমাধানের প্রয়োজনীয়তার কথা বলেছে।
এদিকে ছাত্র ইউনিয়নগুলো বৃহস্পতিবার নতুন করে বিক্ষোভের কর্মসূচি দিয়েছে। আন্দোলন আরও বিস্তৃত হওয়ার প্রেক্ষাপটে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পরিস্থিতি নিয়ে উদ্বেগও বাড়ছে। মঙ্গলবার প্রায় ১০টি বিশ্ববিদ্যালয় অবরুদ্ধ ছিল বলে শিক্ষার্থী সংগঠন ইউনিয়ন এতুদিয়ঁত জানিয়েছে। আগামী বসন্তের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ফ্রান্সের রাজনৈতিক পরিস্থিতিও উত্তপ্ত হয়ে উঠেছে।