লুৎফুর রহমান, কুয়েত থেকে
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৪৭ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৪৯ পিএম
আল-সদিকা ফাতিমাতুল জাহরা মসজিদ। যা স্থানীয় ও প্রবাসীদের কাছে এটি ‘কুয়েতের তাজমহল’ নামে পরিচিত।
কুয়েতের আধুনিক স্থাপত্যের ভিড়ে ইতিহাস, শিল্প ও সংস্কৃতির এক অপূর্ব নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে ‘আল-সদিকা ফাতিমাতুল জাহরা’ মসজিদ। স্থানীয় ও প্রবাসীদের কাছে এটি ‘কুয়েতের তাজমহল’ নামে পরিচিত। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি আবদুল্লাহ আল মোবারক এলাকায় অবস্থিত মসজিদটি দেখতে অবিকল ভারতের ঐতিহাসিক তাজমহলের আদলে তৈরি। রাজকীয় কেন্দ্রীয় গম্বুজ, চার কোণায় সুউচ্চ চারটি মিনার এবং সাদা মার্বেলের নিখুঁত কারুকার্য মসজিদটিকে দিয়েছে অনন্য নান্দনিকতা।
ভারতের বিখ্যাত তাজমহলের আদলে নির্মিত এ মসজিদটি নির্মাণে সময় লেগেছে প্রায় তিন বছর—২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত। প্রায় ৩ হাজার ২০০ বর্গমিটার এলাকাজুড়ে নির্মিত মসজিদটিতে একসঙ্গে প্রায় ৪ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন। এর স্থাপত্যশৈলীতে রয়েছে ২২ মিটার উঁচু একটি কেন্দ্রীয় গম্বুজ এবং ৪২ মিটার উচ্চতার চারটি মিনার। ইরান ও ভারতের দক্ষ কারিগরদের নিপুণ হাতে মসজিদের মার্বেল ও সূক্ষ্ম কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে।
ঐতিহ্যবাহী ইসলামী ও পারস্য স্থাপত্যের সুসমৃদ্ধ মিশ্রণে তৈরি এই মসজিদটি মুসলমানদের জন্য ইবাদতের স্থান হওয়ার পাশাপাশি কুয়েতের অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থান হিসেবেও দেশি-বিদেশি পর্যটকদের নজর কাড়ছে।
কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মানুষের কাছে এ মসজিদটি অত্যন্ত প্রিয় এবং বিশেষ আকর্ষণের জায়গা। প্রবাসজীবনের ব্যস্ততা ও যান্ত্রিকতার মধ্যে কিছুটা প্রশান্তি পেতে এবং স্বদেশের মুঘল স্থাপত্যের আবহ অনুভব করতে অনেক প্রবাসী ছুটির দিনে এখানে আসেন।
মসজিদের ভেতরের শান্ত পরিবেশ, চমৎকার ইসলামি ক্যালিগ্রাফি ও পবিত্র আবহ দর্শনার্থীদের মুগ্ধ করে। বিশেষ করে ফটোগ্রাফিপ্রেমী প্রবাসী ও দর্শনার্থীরা এর নান্দনিক সৌন্দর্য ক্যামেরাবন্দী করতে পছন্দ করেন। কুয়েতের বহুমুখী সংস্কৃতির মধ্যে এই মসজিদটি আরব ও দক্ষিণ এশীয় সংস্কৃতির এক সুন্দর মেলবন্ধন তৈরি করেছে। যা কুয়েতে থাকা প্রবাসী বাংলাদেশিদের হৃদয়ে এক অন্যরকম ভালোবাসার স্থান দখল করে আছে।