কুয়েত প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ২০:৩৫ পিএম
প্রতীকী ছবি
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ থেকে যাওয়া এক প্রবাসীর লাগেজে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদক জব্দ করেছে দেশটির শুল্ক বিভাগ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।
সোমবার বিমানবন্দরের ৫ নম্বর টার্মিনালে পরিচালিত অভিযানে এ মাদক চোরাচালানের চেষ্টা নস্যাৎ করা হয়।
কুয়েত শুল্ক বিভাগের শুল্কবিষয়ক উপমহাপরিচালক সালেহ মোহাম্মদ আল-ওমারের তত্ত্বাবধানে ওই যাত্রীর লাগেজে তল্লাশি চালানো হয়। অভিযানে তার কাছ থেকে ৩টি ব্যাগে প্যাকেটজাত ৪ দশমিক ৭৫০ কেজি গাঁজা, ৬টি ব্যাগে ৩১৯ দশমিক ৩ গ্রাম মেটামফেটামিন বা ক্রিস্টাল মেথ এবং ৩১টি ব্যাগে মোট ৬ হাজার ২১১টি এক্সট্যাসি ট্যাবলেট উদ্ধার করা হয়।
কুয়েতের সাধারণ শুল্ক প্রশাসন জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে জব্দ করা মাদকদ্রব্য ও আটক ব্যক্তিকে মাদক ও অ্যালকোহল নিয়ন্ত্রণবিষয়ক সাধারণ বিভাগের কাছে হস্তান্তর করা হবে। আটক ব্যক্তি বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করা হলেও প্রশাসনের পক্ষ থেকে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
জননিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে কুয়েতের বিমানবন্দর ও সীমান্তের সব প্রবেশদ্বারে নজরদারি ও কঠোর তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।