প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ০০:১০ এএম
ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সাল হিলটনে উৎসবমুখর পরিবেশে ৪০তম ফোবানা কনভেনশন অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত
ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সাল হিলটনে গত ৪ থেকে ৬ সেপ্টেম্বর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী ৪০তম ফোবানা কনভেনশন ২০২৬। উত্তর আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে আসা বাংলাদেশি সংগঠন, শিল্পী ও প্রবাসীদের অংশগ্রহণে এই আয়োজন পরিণত হয়েছিল এক টুকরো বাংলাদেশে। এবারের কনভেনশনে দীর্ঘ বিরতির পর সাংস্কৃতিক পরিবেশনা নিয়ে হাজির হয়ে দর্শক ও বোদ্ধাদের নজর কেড়েছে ‘বাংলাদেশ কমিউনিটি অব ইন্ডিয়ানা’ (বিসিআই)।
তিন দিনব্যাপী এই উৎসবে উত্তর আমেরিকার বিভিন্ন সংগঠনের পাশাপাশি বাংলাদেশ ও উপমহাদেশের জনপ্রিয় তারকারা অংশ নেন। সংগীত, নেটওয়ার্কিং ও সামাজিক নানা কার্যক্রমের মধ্য দিয়ে প্রবাসীদের এই মিলনমেলা সম্পন্ন হয়।
এবারের কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক খালেদ মুহিউদ্দীন এবং ঠিকানা টিভি ইউএসএ-এর আবীর আলমগীরসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ফোবানার মঞ্চে বিসিআই-এর ১২ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। যার মধ্যে ছিলেন সংগঠনের ছয়জন নির্বাহী সদস্য— সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম, সহসভাপতি আজাহার আলী, সহসভাপতি আনোয়ার পারভেজ, সাংস্কৃতিক সম্পাদক আল হাবিব, তহবিল সংগ্রহ সম্পাদক আলী রহমান নাবিল এবং সাবেক সভাপতি ও বোর্ড ট্রেজারার আরাফাত হোসাইন।
বিসিআই-এর নির্ধারিত সাংস্কৃতিক পর্বে অংশ নেন শিলা ফারহানা রহমান তানিয়া, নামীরা শিলা রহমান, ড. আশিকুর রহমান, ড. নিলুফার ইসলাম মনা ও জেমস ফেরদৌস। ঐতিহ্যবাহী বাঁশির সুরের মাধ্যমে শুরু হওয়া তাদের পরিবেশনায় ছিল বাংলা গানের একটি চমৎকার মেডলি। সবশেষে বিসিআই-এর তারকা শিল্পী জেমস ফেরদৌসের কণ্ঠে ‘যদি আবার’ গানটির মাধ্যমে তাদের পর্বটি সমাপ্ত হয়।
বিসিআই-এর পরিবেশনা সম্পর্কে ঠিকানা টিভি ইউএসএ-এর আবীর আলমগীর বলেন, “মিউজিক্যাল মেডলির ধারণাটি ছিল বেশ ব্যতিক্রমী। বিশেষ করে গানগুলোর নির্বাচন এমন ছিল, যা ভালো শিল্পীদের পক্ষেই সুন্দরভাবে পরিবেশন করা সম্ভব।
“আর তারা সেটি নিখুঁতভাবেই করেছেন। তাদের পরিবেশনা আমাদের সত্যিই অবাক করেছে। ফোবানার মঞ্চে বিসিআই-এর এই অভিষেক ছিল অত্যন্ত চমৎকার ও প্রশংসনীয়।”
বিসিআই সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, “আমাদের সংস্কৃতিকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এটি একটি অসাধারণ সুযোগ। ফোবানার সদস্য হতে পেরে এবং এই বৃহৎ আয়োজনে বিসিআইকে প্রতিনিধিত্ব করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।”
সাংস্কৃতিক সম্পাদক আল হাবিব বলেন, “নির্ধারিত সময়ের মধ্যে দর্শকদের একটি সুন্দর ও মানসম্মত পরিবেশনা উপহার দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি এবং এমন একটি দল তৈরির চেষ্টা করেছি, যারা এই মঞ্চে বিসিআইকে সুন্দরভাবে প্রতিনিধিত্ব করতে পারে।”
সাবেক সভাপতি ও বোর্ড ট্রেজারার আরাফাত হোসাইন বলেন, “ফোবানার ব্যবসায়িক নেটওয়ার্কিং, নারী ক্ষমতায়ন কার্যক্রম এবং বিভিন্ন খাবারের স্টল আমাকে মুগ্ধ করেছে। উত্তর আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে আসা এত বাংলাদেশির সঙ্গে পরিচিত হওয়া ও যোগাযোগ তৈরির সুযোগটি ছিল সত্যিই অসাধারণ।”
সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেওয়ার পাশাপাশি এবারের ফোবানায় নির্বাচিত উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন মিস বাংলাদেশ ইন-ট্রেনিং (এমবিআইটি)-এর প্রতিষ্ঠাতা ড. নিলুফার ইসলাম মনা। তিনি বলেন, “এত বড় মঞ্চে বিসিআইকে প্রতিনিধিত্ব করতে পেরে খুব গর্বিত হয়েছি। চারপাশে বাংলা গান, সংস্কৃতি আর এত বাংলাদেশিকে একসঙ্গে দেখে মনে হচ্ছিল, যেন দেশেরই কোনো উৎসবে আছি। প্রবাসে দাঁড়িয়ে বাংলাদেশের জন্য সেই অনুভূতিটা সত্যিই খুব আবেগের ছিল।”
তিন দিনের এই আয়োজনে প্রায় ২০টি বাংলাদেশি সংগঠন তাদের নিজস্ব সংস্কৃতি তুলে ধরে। এ ছাড়া তারকা শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করেন ঋতুপর্ণা, কণা, ইমরান মাহমুদুল, মুজা, ঝিলিক ও সঞ্জয়। ফোবানা কনভেনশন ২০২৬ কেবল একটি উৎসবই ছিল না, এটি উত্তর আমেরিকায় বাংলাদেশিদের ঐতিহ্য রক্ষা ও পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার একটি বৃহৎ প্ল্যাটফর্মে পরিণত হয়েছিল।