× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্যারিসে ‘জুলাই ডায়লগ-২০২৬’ সেমিনারে ঐক্যের ডাক

মোহাম্মদ মাহবুব হোসাইন, ফ্রান্স থেকে

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ ১৫:৪৬ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এফবিজেএর উদ্যোগে ‘জুলাই ডায়লগ-২০২৬: স্মৃতি, সংস্কার ও ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এফবিজেএর উদ্যোগে ‘জুলাই ডায়লগ-২০২৬: স্মৃতি, সংস্কার ও ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (এফবিজেএ) উদ্যোগে ‘জুলাই ডায়লগ-২০২৬: স্মৃতি, সংস্কার ও ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

প্যারিসের পন্তা এলাকার একটি অভিজাত হোটেলের বলরুমে শুক্রবার আয়োজিত এ সেমিনারে জুলাই আন্দোলনের স্মৃতি ও অর্জন, কাঙ্ক্ষিত সংস্কার, গণতান্ত্রিক ভবিষ্যৎ এবং প্রবাসীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন বক্তারা।

সেমিনারে সভাপতিত্ব করেন এফবিজেএর সমন্বয়ক মোহাম্মদ মাহবুব হোসাইন। 

সঞ্চালনা করেন সংগঠনের মুখপাত্র ও ফ্রান্স টুয়েন্টিফোরের সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ। 

স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহ-মুখপাত্র ও কালের কণ্ঠের ফ্রান্স প্রতিনিধি তানভীর আহমেদ তোহা।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন অনলাইন অ্যাক্টিভিস্ট ডা. পিনাকী ভট্টাচার্য, ডেইলি ওয়াদারের সম্পাদক ও সাবেক প্রেস সচিব শফিকুল আলম, এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদ্য বিদায়ী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম। তারা জুলাই আন্দোলনের প্রেক্ষাপট, অর্জন ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বক্তব্য দেন।

জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নের আহ্বান

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, জুলাইয়ের স্বপ্ন এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। সেই স্বপ্ন পূরণে জুলাই সনদ বাস্তবায়নের ওপর গুরুত্ব দিতে হবে।

জুলাই আন্দোলনের মাধ্যমে যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ ও ধারাবাহিক রাজনৈতিক প্রচেষ্টা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, উন্নত বিশ্বের নাগরিকদের মতো সুযোগ-সুবিধা বাংলাদেশের নাগরিকদের নিশ্চিত না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকবে।

রাষ্ট্রের বিদ্যমান কাঠামোয় প্রয়োজনীয় পরিবর্তন ও কাঠামোগত সংস্কার বাস্তবায়নই জুলাই আন্দোলনের অন্যতম প্রধান লক্ষ্য বলে তিনি মন্তব্য করেন।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদ্য বিদায়ী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশ থেকে পালিয়ে গেলেও বিদেশে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে।

এ পরিস্থিতিতে জুলাইয়ের পক্ষের শক্তিগুলোর মধ্যে ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব দেন তিনি।

প্রবাসীদের ভূমিকা

ডেইলি ওয়াদারের সম্পাদক ও সাবেক প্রেস সচিব শফিকুল আলম জুলাই আন্দোলনে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার কথা তুলে ধরেন।

তিনি বলেন, আন্দোলনের সময় দেশের বাইরে থেকেও প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ফ্রান্সপ্রবাসী বাংলাদেশিরাও বিভিন্নভাবে আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছেন।

পাশাপাশি ফরাসি গণমাধ্যমে জুলাই আন্দোলনের সংবাদ প্রচার আন্তর্জাতিক পর্যায়ে বিষয়টি তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও উল্লেখ করেন তিনি।

অনলাইন অ্যাক্টিভিস্ট ডা. পিনাকী ভট্টাচার্য বলেন, বর্তমানে বিদ্যুৎসহ বিভিন্ন ক্ষেত্রে নানা সমস্যা দেখা দিয়েছে।

তার মতে, বিএনপি যত বেশি দুর্বল শাসনব্যবস্থা উপহার দেবে, পতিত ফ্যাসিবাদী শক্তি তত বেশি ‘আগেই ভালো ছিলাম’— এমন প্রচারণার সুযোগ পাবে।

জুলাইয়ের অর্জন টেকসই ও সংহত করতে আন্দোলনের পক্ষের শক্তিগুলোর মধ্যে কার্যকর ঐক্যের বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।

সেমিনারে জুলাই আন্দোলনের স্মৃতিচারণের পাশাপাশি প্রবাসে সাংবাদিকতার বাস্তবতা, দায়িত্ব ও সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ঘটনাপ্রবাহ আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে গণমাধ্যমের দায়িত্ব এবং প্রবাসী সমাজের সঙ্গে সাংবাদিকদের সম্পর্ক নিয়েও বক্তারা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।

ঐক্যবদ্ধ ভবিষ্যৎ বাংলাদেশের প্রত্যয়

অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল খায়ের লস্কর, কাজী আবদুল্লাহ আল মামুন, এম এ মান্নান আজাদ, জুনেদ আহমেদ, মনোয়ার পাটোয়ারী, কাউসার আহমেদ, ফারুক আহমেদ, কবি সোহেল আহমেদ, অ্যাক্টিভিস্ট আজিমুল হক খান, অ্যাক্টিভিস্ট খালেদ মাহমুদ, সাকিব সিদ্দিকী, মহসিন আল আবিদ, আরাফাত রহমান, মোহাম্মদ আরিফ ও ব্যবসায়ী শহিদুল ইসলামসহ অনেকে।

এফবিজেএর সদস্যদের মধ্যে বক্তব্য দেন কলামিস্ট নিয়াজ মাহমুদ, দৈনিক যুগান্তরের ফ্রান্স প্রতিনিধি সরদার হাসান ইলিয়াছ তানিম, ডেইলি সানের ফ্রান্স প্রতিনিধি মুমিন আনসারী, বাংলা ভিশনের ফ্রান্স প্রতিনিধি ইয়াসির আরাফাত, কালবেলার ফ্রান্স প্রতিনিধি মামুন মাহিন, পিএনটিভির স্পেশাল করেসপন্ডেন্ট সাইফুল ইসলাম, লেখক হাবিবুল্লাহ ফাহাদ এবং ফ্রিল্যান্স সাংবাদিক আবদুল্লাহ আল মামুন।

আলোচনায় জুলাই আন্দোলনের চেতনা ও অর্জন ধারণ করে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়। 

একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা আরও কার্যকর করা এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও পরিবর্তনের বার্তা তুলে ধরতে গণমাধ্যমের দায়িত্বের কথাও উঠে আসে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা