প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ১৮:৩৯ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৬ ১৮:৩৯ পিএম
অনুষ্ঠানে সাবেক মার্কিন কূটনীতিক জন ড্যানিলোভিচ বাংলাদেশের গণতন্ত্র ও ন্যায়বিচারের যাত্রায় তার সমর্থনের কথা জানান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে রাষ্ট্র সংস্কার, সাংস্কৃতিক পুনর্জাগরণ, অর্থনৈতিক ন্যায়বিচার ও প্রাতিষ্ঠানিক রূপান্তরের লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে নাগরিক প্ল্যাটফর্ম ও গবেষণা উদ্যোগ ‘সেন্টার ফর সোসাইটি অ্যান্ড কালচার’ (সিএসসি) বা সমাজ-সংস্কৃতি কেন্দ্র।
ভার্জিনিয়ার উডব্রিজে ‘৩৬ জুলাই: দৃঢ়তায় প্রজ্বলিত, ভবিষ্যতের জন্য একতা’ শীর্ষক অনুষ্ঠানের মধ্য দিয়ে গত ৮ আগস্ট সিএসসির প্রথম প্রকাশ্য কার্যক্রম শুরু হয়। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
সিএসসির উদ্যোগে জুলাই হাউস, ব্যান্ড, সেভ বাংলাদেশ, সোচ্চার ও দ্য বেঙ্গল কাউন্সিলের যৌথ সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানটি দুটি পর্বে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল আলোচনা ও প্যানেল সেশন। এতে অংশ নেন চলচ্চিত্র নির্মাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তফা সরয়ার ফারুকী, ‘জুলাই রেকর্ডস’-এর চেয়ারম্যান কাজী ওয়ালি উল্লাহ, জুলাই গণঅভ্যুত্থানের শহিদ রাব্বির বোন মিম আক্তার, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাবেক সহকারী ফয়েজ আহমদ তৈয়ব এবং ‘ডেইলি ওয়াদা’র সম্পাদক ও সাবেক প্রেস সচিব শফিকুল আলমসহ বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি মোস্তফা সরয়ার ফারুকী জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি অন্তর্ভুক্তিমূলক ও বাংলাদেশপন্থী সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
‘জুলাই রেকর্ডস’-এর চেয়ারম্যান কাজী ওয়ালি উল্লাহ আন্দোলনের মৌখিক ইতিহাস সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। শহীদ রাব্বির বোন মিম আক্তার ভাইয়ের মরদেহ বহনের আবেগঘন স্মৃতিচারণ করে হাসিনা সরকারের আমলে সংঘটিত নৃশংসতার দ্রুত বিচার দাবি করেন।
শফিকুল আলম জুলাই গণঅভ্যুত্থানের সময় সাংবাদিকদের জীবনঝুঁকি এবং তৎকালীন প্রধান ধারার গণমাধ্যমে সত্য প্রকাশের ক্ষেত্রে তৈরি হওয়া নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন।
ফয়েজ আহমদ তৈয়ব প্রবাসী বাংলাদেশিদের মেধা, দক্ষতা ও অভিজ্ঞতাকে নিয়মতান্ত্রিকভাবে চিহ্নিত করে রাষ্ট্রীয় নীতি প্রণয়নে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সাবেক মার্কিন কূটনীতিক জন ড্যানিলোভিচ বাংলাদেশের গণতন্ত্র ও ন্যায়বিচারের যাত্রায় তার সমর্থনের কথা জানান। একই অনুষ্ঠানে ওয়াশিংটন ডিসি এলাকায় প্রবাসী বাংলাদেশিদের আন্দোলন সংগঠনে নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে শহিদদের নামসংবলিত একটি বিশেষ সম্মাননা দেওয়া হয়। তার পক্ষে স্ত্রী তামান্না তাহসিন সম্মাননাটি গ্রহণ করেন।
এ ছাড়া ড. নুসরত রহমান, মুনিবা ফখরুল ও শাফকাত রাব্বির অংশগ্রহণে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্তর্জাতিক যোগাযোগ, জনমত গঠন এবং আন্দোলনের দাবি আদায়ে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক আয়োজন। শিক্ষার্থী-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের স্মৃতিকে ধারণ করে পরিবেশিত হয় সংগীত, কবিতা ও নাটক। কনসার্টের প্রধান আকর্ষণ ছিলেন রক সংগীতশিল্পী জন কবির।
ওহাইওভিত্তিক ব্যান্ড ‘কম্পিউটেশনাল ফ্লুইড রক’ (সিএফআর)-এর পরিবেশনার মধ্য দিয়ে সাংস্কৃতিক পর্ব শুরু হয়। ব্যান্ডটির সঙ্গে সিএসসি সদস্য শেখ আহমেদ সাকিব কিবোর্ড ও ভোকালিস্ট হিসেবে অংশ নেন।
অনুষ্ঠানে ‘মুক্তির মন্দির’, ‘৩৬ জুলাই’, জেমসের ‘বাংলাদেশ’ এবং কাকতালের ‘ওই মা তোর পোলা মরে নাই’সহ আন্দোলন ও সাংস্কৃতিক স্মৃতির সঙ্গে সংশ্লিষ্ট গান পরিবেশিত হয়। শহিদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে কবিতা আবৃত্তি ও একটি সংক্ষিপ্ত নাটকও মঞ্চস্থ করা হয়।
মূল আয়োজনের পাশাপাশি মিলনায়তন প্রাঙ্গণে জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক প্রদর্শনী ও মেলার আয়োজন করা হয়। সেখানে বাংলাদেশ থেকে আনা জুলাই আন্দোলনবিষয়ক বইয়ের বিশেষ সংগ্রহ প্রদর্শন ও বিক্রি করা হয়। পাশাপাশি শিল্পী দেবাশীষ চক্রবর্তীর অনুমতি নিয়ে তার আঁকা জুলাই আন্দোলনের নির্বাচিত পোস্টার পুনর্মুদ্রণ করে বিক্রির ব্যবস্থা করা হয়।