মোহাম্মদ মাহবুব হোসাইন, ফ্রান্স থেকে
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ১৭:০০ পিএম
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার প্যারিসের ১৬তম অ্যারোঁদিসমঁতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে আলোচনা সভার আয়োজন করা হয়।
দূতাবাসের দূতালয় প্রধান মো. ওয়ালিদ বিন কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং ফ্রান্স ও মোনাকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রদত্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের বাণী পাঠ করেন দূতাবাসের ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা। এরপর প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের মিনিস্টার (কমার্শিয়াল) মিজানুর রহমান।
এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের বাণীও অনুষ্ঠানে পাঠ করা হয়।
সভাপতির বক্তব্যে রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা বলেন, “প্রতিটি শহীদ পরিবারের কাছে আমাদের ঋণ রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাণীতেও জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য ও মাহাত্ম্য যথাযথভাবে তুলে ধরা হয়েছে”।
তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশের উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে কাজ করতে হবে”।
দূতাবাস সূত্রে জানানো হয়, ৫ আগস্ট প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্টসংক্রান্ত কনস্যুলার সেবা সীমিত থাকায় দিবসটির আনুষ্ঠানিক কর্মসূচি একদিন আগে, ৪ আগস্ট অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এম এ রহিম, বাংলাদেশি নাগরিক ফোরামের সভাপতি আবুল খায়ের লস্কর, ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমেদ, ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (এফবিজেএ) মুখপাত্র মোহাম্মদ আরিফ উল্লাহ, অ্যাক্টিভিস্ট খালেদ মাহমুদ খান, এনসিপি ডায়াসপোরা ফ্রান্সের সভাপতি ইফতেশাম চৌধুরী, মনোয়ার পাটওয়ারী, ব্যবসায়ী শহিদুল ইসলাম এবং সাবেক ছাত্রনেতা ফারুক আহমেদসহ আরও অনেকে।
এ ছাড়া দূতাবাসের প্রথম সচিব শেখ মারেফাত তারিকুল ইসলাম, মিনিস্টার (কমার্শিয়াল) মিজানুর রহমান, দ্বিতীয় সচিব কে. এফ. এম. শারহাদ শাকিলসহ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।