× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বার্সেলোনায় প্রবাসীদের সাথে ব্র্যাকের মতবিনিময়

বৈধ পথে ইউরোপ যাত্রার আহ্বান

নুরুল ওয়াহিদ, স্পেন থেকে

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬ ১৯:৪৮ পিএম

স্পেন বাংলা প্রেসক্লাবের সার্বিক সহযোগিতায় আয়োজিত বার্সেলোনায় প্রবাসীদের সাথে ব্র্যাকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

স্পেন বাংলা প্রেসক্লাবের সার্বিক সহযোগিতায় আয়োজিত বার্সেলোনায় প্রবাসীদের সাথে ব্র্যাকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রবাসীদের জীবনসংগ্রাম, দৈনন্দিন চ্যালেঞ্জ আর না-বলা কথাগুলো শোনার এক ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হলো স্পেনের বার্সেলোনায়। সাধারণত সবাই প্রবাসীদের কাছে নানা বার্তা পৌঁছে দিতে যান, তবে এবার ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের একটি প্রতিনিধিদল সেখানে গিয়েছিল কেবলই প্রবাসীদের কথা শুনতে। মতবিনিময় সভায় উপস্থিত এক প্রবাসীর আবেগঘন মন্তব্য, ‘সবাই আমাদের কথা শোনাতে আসে, কিন্তু আপনারা এসেছেন আমাদের কথা শুনতে’— যেন পুরো আয়োজনের মূল সুরটি বেঁধে দেয়।

স্পেন বাংলা প্রেসক্লাবের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই সভায় বার্সেলোনায় বসবাসরত প্রবাসী সমাজকর্মী, সাংবাদিক, ব্যবসায়ী এবং বিভিন্ন কমিউনিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দ খোলা মনে নিজেদের মতামত ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

স্পেনে বর্তমানে শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নতুনদের জন্য চ্যালেঞ্জ বেড়েছে। তাই সভায় উপস্থিত প্রবাসীরা নতুন অভিবাসীদের উদ্দেশ্যে স্প্যানিশ ভাষা শেখা এবং সুনির্দিষ্ট পেশাগত দক্ষতা অর্জনের ওপর জোর দেন। তারা জানান, ভাষা ও কারিগরি দক্ষতা থাকলে যেমন সহজে কর্মসংস্থান মেলে, তেমনি নতুন পরিবেশে মানিয়ে নেওয়াও অনেক সহজ হয়।

ইউরোপে প্রবেশের ক্ষেত্রে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার মতো প্রাণঘাতী ও অবৈধ পথ পরিহার করার জোরালো আহ্বান জানান প্রবাসীরা। মানবপাচারকারীদের ফাঁদে পা না দিয়ে বৈধ উপায়ে ইউরোপ আসার পরামর্শ দেন তারা। পাশাপাশি, পরিবারকে স্পেনে নেওয়ার ক্ষেত্রে ঢাকায় বিদ্যমান দীর্ঘসূত্রতা কমানোর দাবি ওঠে। এ বিষয়ে ব্র্যাক প্রতিনিধিদলের প্রধান শরিফুল হাসান প্রবাসীদের আশ্বস্ত করে বলেন, বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূতের কাছে তিনি বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরবেন।

অবৈধ পথে ইউরোপ যাত্রার ভয়াবহতা তুলে ধরে সভায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার ২০২৪ সালের তথ্য উপস্থাপন করা হয়। পরিসংখ্যানে দেখা যায়, ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অন্তত ২ হাজার ৪৫২ জন এবং আফ্রিকার মরুভূমি হয়ে আসার পথে আরও ২ হাজার ২৪২ জন অভিবাসী প্রাণ হারিয়েছেন বা নিখোঁজ হয়েছেন। প্রকৃত সংখ্যা এর চেয়েও বেশি হতে পারে উল্লেখ করে বক্তারা বৈধ অভিবাসনের বিষয়ে সচেতনতা বৃদ্ধির তাগিদ দেন।

প্রবাসীদের অর্জিত অভিজ্ঞতা ও সঞ্চয় যেন দেশের জাতীয় উন্নয়নে কাজে লাগে, সেজন্য দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ ও সহজ শর্তে ঋণের সুযোগ নিশ্চিত করার দাবি জানান অংশগ্রহণকারীরা। এছাড়া, স্পেন সরকার সম্প্রতি নথিহীন অভিবাসীদের ধাপে ধাপে বৈধ করার যে উদ্যোগ নিয়েছে, তা কাজে লাগাতে প্রবাসীদের প্রয়োজনীয় আইনি সহায়তা ও সঠিক তথ্য পাওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সভায় বিদেশফেরত অভিবাসীদের পুনর্বাসনে ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ উদ্যোগে পরিচালিত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের কার্যক্রম তুলে ধরা হয়। জানানো হয়, এই প্রকল্পের মাধ্যমে ইতোমধ্যে প্রায় আট হাজার বিদেশফেরত মানুষকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলাসহ নানা ধরনের আর্থিক ও কারিগরি সহায়তা দেওয়া হয়েছে। স্পেন থেকে দেশে ফিরে যাওয়া বাংলাদেশিরাও প্রয়োজনে এই প্রকল্পের সেবা গ্রহণ করতে পারবেন বলে জানানো হয়। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা