× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মরুর শোভা ‘খেজুর গাছ’

ইউএই সংবাদদাতা

প্রকাশ : ১৫ আগস্ট ২০২২ ১৭:০৯ পিএম

আপডেট : ১৫ আগস্ট ২০২২ ১৮:৪৪ পিএম

রাস্তা ঘেঁষে লাগানো হয়েছে সারি সারি খেজুর গাছ

রাস্তা ঘেঁষে লাগানো হয়েছে সারি সারি খেজুর গাছ

বিশ্বের অন্যতম খেজুর উৎপাদনকারী দেশ সংযুক্ত আরব আমিরাত। বিশ্বব্যাপী খেজুর আমদানি-রপ্তানির প্রায় ৩০ শতাংশ এই দেশের দখলে। জাতীয় ফল হওয়ায় আরব আমিরাতে খেজুরের রয়েছে বাড়তি মর্যাদা।

মিষ্টি ও সুস্বাদু খেজুর স্থানীয়দের অন্যতম পছন্দের খাবার। শুধু ফল হিসেবে নয়, পরিবেশের শোভা বর্ধনেও খেজুর গাছ চোখে পড়ে সর্বত্র।ইতিহাস, ঐতিহ্য, প্রাকৃতিক ও অ-প্রাকৃতিক সম্পদ হিসেবে খেজুর গাছকে সংজ্ঞায়িত করা হয় আমিরাতে।

ফল উৎপাদনের জন্য খেজুর বাগানগুলো মরুময় অঞ্চলে হলেও শহরের সৌন্দর্য বাড়াতে বাসাবাড়ি ও বড়-ছোট রাস্তা ঘেঁষে লাগানো হয় সারি সারি গাছ। পথচারী ও পর্যটকদের এই দৃশ্য মুগ্ধ করে।

দেশটিতে প্রায় দুইশ ধরনের খেজুর উৎপাদন হয়। ২০১১ সালের এক পরিসংখ্যানে দেখা গেছে, আমিরাতে প্রায় ৪ কোটি ৪০ লাখ খেজুর গাছ রয়েছে। ২০১৯ সালেও ৩ লাখ ২৩ হাজার ৪৭৮ মেট্রিক টন খেজুর উৎপাদন করে বিশ্বের অষ্টম অবস্থানে ছিল সংযুক্ত আরব আমিরাত। 

আমিরাতে আবুধাবি, আল আইন, লেওয়ার মতো মরু অঞ্চলে খেজুর উৎপাদনের অন্যতম উর্বর জায়গা। এ ছাড়া হাত্তা, ধাইদ, রাস আল খাইমায় আছে অসংখ্য খেজুরের বাগান। এসব বাগানে কর্মরত চাষিদের অধিকাংশই বাংলাদেশি। খেজুর উৎপাদনে মার্চ থেকে অক্টোবর পর্যন্ত যাদের সময় কাটে অত্যন্ত ব্যস্ততায়।

সুনামগঞ্জের সৈয়দ আঞ্জম আলী প্রায় ২০ বছর ধরে খেজুর চাষি হিসেবে কাজ করছেন সংযুক্ত আরব আমিরাতে। প্রতিবছর মার্চ -অক্টোবর, এই আট মাস ফুল আসা থেকে ফল উৎপাদন ও বিক্রয় পর্যন্ত ব্যস্ত সময় কাটে তার। 

আবুধাবির আরেকজন খেজুর চাষি মোহাম্মদ হাশেম। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার এই প্রবাসীও প্রায় ১৫ বছর ধরে একই পেশায় রয়েছেন। খেজুরের ফুলে ফুলে পরাগায়ন, ঢাল বাঁধা, থলে লাগানো ও পাঁকা খেজুর রোদে শুকানো পর্যন্ত ধকল যায় তার। শুকনো খেজুর বিক্রির মাধ্যমে শেষ হয় তার মৌসুম। 

আবুধাবির দুটো বাগানে খেজুর চাষি হিসেবে জীবনের ১৯ বছর পার করেছেন আলমাস আলী। সিলেটের এই প্রবাসী প্রথমে সবজি বাগানে কাজ করলেও পরে অন্যদের দেখাদেখি নিজেও হয়ে ওঠেন দক্ষ খেজুর চাষি। 

এসব চাষি জানান, তারা বেশির ভাগই বেতনভুক্ত কর্মচারী। ফল উৎপাদনের জন্য সূক্ষ্মভাবে খেজুর গাছের পরিচর্যা করতে হয় তাদের। মার্চ মাসের দিকে খেজুর গাছে ফুল আসতে শুরু করে। প্রথমে পুরুষ গাছের ফুল কেটে নিয়ে স্ত্রী গাছের সঙ্গে পরাগায়ন ঘটাতে হয়। এরপর ফল নষ্ট হওয়া রোধ করতে এগুলোতে ঢাল বাঁধা লাগে। তুলনামূলক ফলের আকার মাঝারি হলে জালের মতো এক ধরনের থলে বাঁধেন তারা, এটাই ঢাল।

মূলত পোকামাকড় ও পাখি থেকে রক্ষা করতে এটি ব্যবহার হয়। এরপর খেজুর পেকে গেলে কেটে নিয়ে শুকানোর জন্য থাকে বিশেষ ব্যবস্থা। পরে শুকনো খেজুর ২০ কেজি ওজনের কার্টন ভর্তি করে বিক্রির উদ্দেশ্য নিয়ে যাওয়া হয়। পুরো প্রক্রিয়ার জন্য তাদের সময় লাগে নয় থেকে দশ মাস।

খেজুর বাগান সংরক্ষণ, উৎপাদনের প্রচার ও বিকাশের জন্য প্রতিবছর দেশটির বিভিন্ন অঞ্চলে আলাদাভাবে করা হয় খেজুর প্রদর্শনী ও বিক্রয় উৎসব। এতে বাগান মালিক ও চাষিদের উৎপাদন সম্প্রসারণ এবং উন্নত কৌশল জানতে উৎসাহিত করা হয়। 

এবার বিশ্বের অন্যতম বিটুবি খেজুর প্রদর্শনী হবে আগামী ৬-৮ ডিসেম্বর আবুধাবিতে। বর্তমানে শারজাহ সুক আল জুবাইলে চলছে তিন মাসব্যাপী খেজুর উৎসব। যেখানে প্রতিদিন শত শত কেজি খেজুর বিক্রি করছেন বিক্রেতারা। এই উৎসব সেপ্টম্বরের মাঝামাঝি পর্যন্ত চলবে।

এদিকে চলতি বছর আবুধাবির লেওয়া অঞ্চলে স্থানীয়ভাবে সরকারি পৃষ্ঠপোষকতায় বৃহত্তর খেজুর উৎসব অনুষ্ঠিত হয়েছে। যেখানে ভারী খেজুরের শাখা ও সেরা ফলের ঝুড়ির জন্য পুরস্কার পেতে কয়েক হাজার কৃষক অংশ নিয়েছেন। এবছর উৎসবের অষ্টাদশ আসরে প্রায় ৮৩ লাখ দিরহাম সমমূল্যের পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া আল ধাইদে অঞ্চলে অনুষ্ঠিত হয়েছে ষষ্ঠ খেজুর উৎসব ও লেওয়া আজমানে অনুষ্ঠিত হয়েছে সপ্তম খেজুর উৎসব।

প্রবা/রাই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা