ইউএই সংবাদদাতা
প্রকাশ : ১২ আগস্ট ২০২২ ১৮:৫২ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২২ ২০:০৩ পিএম
দুবাইয়ে মৃত প্রবাসীর স্বজনদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন মিশন কর্মকর্তারা। প্রবা ছবি
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের অধীনে সাড়ে ১২ হাজার প্রবাসী বাংলাদেশি ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য পদ গ্রহণ করেছেন। গত চার বছরে সদস্য পদ বাবদ তাঁদের থেকে আদায় হয়েছে প্রায় পৌনে পাঁচ কোটি টাকা। বিপরীতে বৈধ প্রবাসী ও কল্যাণ বোর্ড সদস্যরা পাচ্ছেন বিভিন্ন সহায়তা সেবা।
এর মধ্যে গত বৃহস্পতিবার দুবাই থেকে নয়জন প্রবাসীর মৃতদেহ দেশে প্রেরণ বাবদ প্রায় ৫ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছে দুবাই বাংলাদেশ কনস্যুলেট।
জানা গেছে, ২০১৮ সালে প্রবাসী বাংলাদেশিদের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য পদ লাভের সুযোগ তৈরি হয়। এই পর্যন্ত দেশটির দুবাই ও উত্তর আমিরাতের প্রাদেশিক শহর-- দুবাই, শারজাহ, আজমান, উম্ম আল কোয়েন, রাস আল খাইমাহ ও ফুজাইরাহ থেকে সাড়ে ১২ হাজার প্রবাসী আবেদন করেন, যা থেকে রাজস্ব বাবদ আদায় হয় প্রায় ৪ কোটি ৬৯ লাখ টাকা। যা থেকে কল্যাণ বোর্ডের অধীনে প্রতি অর্থবছরে এই অঞ্চলের প্রবাসীরা বিভিন্নভাবে সহায়তা পেয়ে আসছেন। গত ২০২১-২২ অর্থবছরে চারশ মৃত প্রবাসীর পরিবার এর আওতায় আর্থিক সহায়তা পেয়েছে।
বাংলাদেশ কনস্যুলেট কর্মকর্তারা জানান, দেশটির ফুজাইরাহ অঞ্চলে সম্প্রতি বন্যায় মারা যাওয়া প্রবাসী বাংলাদেশি সৈয়দ মোহাম্মদ সাজ্জাদসহ নয় প্রবাসীর ‘কফিন বক্স’ বাবদ প্রায় পাঁচ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে দুবাই বাংলাদেশ কনস্যুলেট। গত বৃহস্পতিবার মৃত প্রবাসীর স্বজনদের হাতে আর্থিক সহায়তার অর্থ তুলে দেন মিশন কর্মকর্তারা। এর মধ্যে চট্টগ্রামের মোহাম্মদ জাকির, মোহাম্মদ আব্বাস, এসএম সাজ্জাদ, মোহাম্মদ ইয়াছিন, নোয়াখালীর আবু বকর সিদ্দিক, গাজীপুরের সাকিল হোসাইন, সিলেটের নুরুল আমীন, সেলিম আহমেদ ও ফরিদপুরের শেখ হানিফের মৃতদেহ দেশে প্রেরণ বাবদ প্রত্যেক পরিবারকে ১৮ শ ৪০ দিরহাম করে দেওয়া হয়।
দুবাই বাংলাদেশ কনস্যুলেটের লেবার কাউন্সিলর ফাতেমা জাহান বলেন, বাজেটে সীমাবদ্ধতা থাকায় ২০২১-২২ অর্থবছরে অসহায়, মৃত প্রবাসী, আটক কর্মী ও নারী কর্মীসহ বিভিন্নভাবে প্রবাসীদের ২৫ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করতে সক্ষম হয়েছি। বিএমইটির কার্ডধারী, বৈধ ও কল্যাণ বোর্ডের সদস্য পদ নিয়েছেন এমন প্রবাসীদের আমরা সরাসরি সহযোগিতা করছি। যেসব প্রবাসীকে সরাসরি সহযোগিতা করা যায় না তাদের ক্ষেত্রে আমরা বাংলাদেশ কমিউনিটির সহায়তা নিচ্ছি।
তিনি আরও বলেন, একজন প্রবাসী বাংলাদেশি কল্যাণ বোর্ডের সদস্যপদ পেতে মাত্র ১৬০ দিরহাম খরচ হয়। প্রবাসীরা যত বেশি কল্যাণ বোর্ডের সদস্য পদ গ্রহণ করবেন, তত বেশি প্রবাসীদের আমরা সহযোগিতা দিতে পারব।
বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন বলেন, গত ২০২১-২২ অর্থবছরে প্রায় ৪শ মৃত প্রবাসী কফিন খরচ বাবদ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এ বছরও প্রায় সমপরিমাণ প্রবাসী এই সহযোগিতার আওতায় আসতে পারেন। এই টাকা মূলত প্রবাসীদের টাকা। আমরা সর্বদা প্রবাসীদের কল্যাণ কার্ড করতে উৎসাহিত করে যাচ্ছি। কল্যাণ কার্ডের জন্য যে অর্থ জমা হচ্ছে সেখান থেকেই মূলত সরাসরি এই সাহায্যগুলো দিয়ে আসছি। এ ছাড়া দেশে বিমানবন্দরে ৩৫ হাজার ও ৩ লাখ টাকা করে আর্থিক সহায়তা পায় একেকজন মৃত প্রবাসীর পরিবার।
প্রবা/রাই/এমজে