মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ২১ জুন ২০২৫ ১৬:৪৫ পিএম
দক্ষিণ আফ্রিকায় দুই প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার (১৯ জুন) রাতে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে এক বাংলাদেশির ব্যবসায়িক প্রতিষ্ঠানে ডাকাতির সময় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, এমদাদুল হক ও বিল্লাল হোসেন। এমদাদুলের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুরে; তার বাবার নাম শফিকুল আলম। আর বিল্লালের বাড়ি শরিয়তপুর জেলার নড়িয়া থানায়। তারা আরেক বাংলাদেশির দোকানে কর্মরত ছিলেন।
জানা যায়, দক্ষিণ আফ্রিকার কেপটাউন প্রদেশের বুষ্টারের ডিডোরেন্স এলাকায় স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টায় প্রবাসী বাংলাদেশি মালিক মনির হোসেনের দোকানে কর্মরত ছিলেন বিল্লাল ও এমদাদ। কিছু বুঝে ওঠার আগেই ডাকাতদল দোকানে ঢুকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে টাকা-পয়সা, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী লুট করে নেয়। ডাকাতি শেষে চলে যাওয়ার সময় বিল্লাল ও এমদাদকে গুলি করে সন্ত্রাসীরা। এতে তাদের মৃত্যু হয়।
এদিকে, ব্যবসায়িক দ্বন্দ্বসহ নানা কারণে গত দুই মাসে একই এলাকায় পাঁচ প্রবাসী বাংলাদেশির খুনের ঘটনায় আতঙ্কিত দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা।
এসব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চান বাংলাদেশিরা।