প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৪ ২২:৩৯ পিএম
ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মো. মঞ্জুরুল ইসলাম বাহার, সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন খান এবং সভাপতি ইঞ্জিনিয়ার এ কে এম মুজিবুর রহমান। (ঘড়ির কাঁটা অনুসারে)। ফাইল ফটো
বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা উত্তর ও দক্ষিণের কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৮ মে) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ সম্মেলনে এ কমিটি গঠন করা হয়।
সম্মেলনে বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা উত্তরের সভাপতি হিসেবে ইঞ্জিনিয়ার এ কে এম মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন খান নির্বাচিত হয়েছেন। ঢাকা মহানগর দক্ষিণে মো. মঞ্জুরুল ইসলাম বাহার সভাপতি ও সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ নির্বাচিত হয়েছেন।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে বঙ্গবন্ধু সৈনিক লীগের কমিটি পরিচালিত হয়।’ এসময় তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘সংগঠনে প্রতিযোগীতা থাকবে, কিন্ত কোনো বিভক্তি নয়। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সৈনিক লীগের সার্বিক বিষয়ে অবগত।’
বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন উর রশীদ (সিআইপি) বলেন, ‘গ্রামে-গঞ্জে তথা বাংলার প্রতিটি ঘরে ঘরে সংগঠনকে পৌঁছে দিতে হবে।’ এখনও যারা বিছিন্নভাবে দূরে থাকার চেষ্টা করছেন, তাদের মূল স্রোতের সঙ্গে থাকারও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর।
বঙ্গবন্ধু সৈনিক লীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইঞ্জি. এ কে এম মজিবুর রহমানের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজাউল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অ্যাড. শওকত আলম, ইঞ্জিনিয়ার তালুকদার সারোয়ার আলম, অ্যাড. এফ এম জাকির হোসেন, মো. আলমগীর হোসেন, সোহেল রানা, ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।