প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৪ ১৮:০০ পিএম
আপডেট : ১৮ মে ২০২৪ ১৮:৩২ পিএম
শনিবার উত্তরখানের কাঁচকুড়া শিক্ষা কমপ্লেক্সে এক শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মো. খসরু চৌধুরী। প্রবা ফটো
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মো. খসরু চৌধুরী বলেছেন, ‘ঢাকার একটি গুরুত্বপূর্ণ আসন ঢাকা-১৮। আমি জনগণের অসুবিধা দূর করতে এবং নাগরিকসেবা নিশ্চিত করতে সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ সব সমস্যা দূর করে ঢাকা-১৮ কে স্মার্ট আসন হিসেবে বাংলাদেশের মডেল তৈরি করব।’
শনিবার (১৮ মে) বিকালে উত্তরখানের কাঁচকুড়া শিক্ষা কমপ্লেক্সে ৪৪ নম্বর ওয়ার্ডে বসবাসরত আওয়ামী লীগ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য সুধীজনদের নিয়ে আয়োজিত এক শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
খসরু চৌধুরী বলেন, ‘আমি চেষ্টা করছি আপনাদের জন্য ভালো কিছু করার। আমি চাই এলাকার রাস্তাঘাটের উন্নয়ন করতে। বিদ্যুৎ ও গ্যাস যাতে আপনারা সঠিকভাবে পান। আপনাদের যত সমস্যা আছে, সব যাতে দূর হয় তার জন্য আমি কাজ করছি।’
তিনি বলেন, ‘২০৪১ সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ব। আমরা দেশের দরিদ্র দূর করতে চাই এবং নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি করতে চাই। দেশের প্রতিটি নাগরিক যাতে উন্নত ও সমৃদ্ধ জীবন পায় তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘আমি সর্বাধিক অগ্রাধিকারের ভিত্তিতে সকল সমস্যার সমাধান করে সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করে টেকসই পরিবর্তন নিশ্চিত করতে কাজ করছি। ঢাকা-১৮ আসন জনগণের মতামতের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। এখানে কোনো সন্ত্রাস, চাঁদাবাজের ঠাঁই নেই। আমি ঢাকা-১৮ কে সব আসনের মধ্যে সেরা ও স্মার্ট আসন করার প্রয়াস নিয়ে এগিয়ে যাচ্ছি।’
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য কাজী সালাউদ্দিন পিন্টু, উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিলন, উত্তরখান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন, ৪৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিকুর রহমান প্রমুখ।