প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৪ ১৯:১৭ পিএম
আপডেট : ১৪ মে ২০২৪ ১৯:৩২ পিএম
রাজধানীর নয়াপল্টনে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বানে লিফলেট বিতরণ শেষে বক্তব্য দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রবা ফটো
দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতারা অস্থিরতায় ভুগছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, ‘মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফর কেন্দ্র করে বিএনপি নেতারা কিছু না বললেও ওবায়দুল কাদের সাহেবরা (আওয়ামী লীগের সাধারণ সম্পাদক) খুব উত্তেজনার ভেতরে আছেন। তাদের উত্তেজনা কোনোভাবেই প্রশমিত হচ্ছে না। তারা মানসিক অস্থিরতায় ভুগছেন, ভয়ে প্রলাপ বকছেন।’
মঙ্গলবার (১৪ মে) বিকালে রাজধানীর নয়াপল্টনে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বানে লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি বিএনপি নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছিলেন, ‘বিএনপি নেতারা মনে করেন– লু (ডোনাল্ড লু) এসে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবেন, তারা সেই আশায় আছেন।’ এর পাল্টা জবাবে রিজভী বলেন, ‘বিএনপি নেতারা কোথাও এ বিষয়ে কিছু বলেননি। ওবায়দুল কাদের সাহেবরা ভয় থেকে প্রলাপ বকছেন। তিনি কি জ্বরে ভুগছেন? মনে হয় তিনি বড় ধরনের অস্থিরতায় আছেন।’
বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আরও বলেন, ‘বর্তমান সরকার গায়ের জোরে ক্ষমতা দখল করে আছে। সুষ্ঠু ভোটে তারা বিশ্বাস করে না। তারা গণতন্ত্র ও ভোটাধিকার ধ্বংস করে জোর করে ক্ষমতায় আছে। সরকার অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলে। অথচ ৭ জানুয়ারির নির্বাচনের আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ ২৫ থেকে ২৬ হাজারের বেশি নেতাকর্মীকে তারা গ্রেপ্তার করেছিল। নির্বাচনে অন্য কোনো দল অংশ নেয়নি। জনগণও ভোট দিতে যায়নি। দেশকে কারাগারে পরিণত করে এখন জনগণকে বিভ্রান্ত করার জন্য নানা কথা বলছে।’
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, কাজী রফিক, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি ইমতিয়াজ বকুল, সহসভাপতি ডা. জাহিদুল কবির, সাবেক যুগ্ম সম্পাদক সাদরেজ জামান, যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, ছাত্রদল কেন্দ্রীয় সহসভাপতি তারেক উজ জামান তারেক, ওমর ফারুক কাওসার, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান আউয়াল, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসান, যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম হোসেন প্রমুখ।