প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৪ ১৪:৫৮ পিএম
আপডেট : ১৩ মে ২০২৪ ১৫:২৪ পিএম
রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অন্য নেতারা। প্রবা ফটো
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা সংকুচিত হয়ে গেছে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বাইরে থেকে এসে কেউ বিএনপিকে মদদ দেবে, চাঙ্গা করবে এমন পরিস্থিতি নেই। যারা দাপট দেখাবে তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে আছে। এখানে সম্প্রসারিত করবে এমনটি মনে করার কোনো কারণ নেই। এখানে কে আসছে তা নিয়ে ভাবছি না। যাদের প্রেসিডেন্টের কথা ইসরায়েল শোনে না। আমরা যারা জনগণের ভোটে নির্বাচিত সরকার আমরা কাকে ভয় পাব?’
সোমবার (১৩ মে) রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি বদলেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে এসে যারা দাপট দেখাবে তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্টের কথা ইসরায়েলই শোনে না।’
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর নিয়ে তিনি বলেন, ‘ডোনাল্ড লু বাংলাদেশে আসছেন দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যা বলছেন তার বাস্তবায়নটা আমরা দেখব।’
ওবায়দুল কাদের বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত সরকার আওয়ামী লীগের কাউকে ভয় পাওয়ার কিছু নেই।’
বিএনপি নতুন করে শরিকদের সঙ্গে আলোচনা শুরু করেছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সাংবাদিকদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তারা আন্দোলন করবে, শরিকদের সঙ্গে বসবে। সেখানে আমাদের কোনো বক্তব্য নেই। তারা যদি রাজনৈতিকভাবে এগুতে চায় তাহলে রাজনৈতিকভাবেই মোকাবিলা করব। কিন্তু তারা যদি অগ্নিসন্ত্রাসের প্রস্তুতি নিয়ে রাস্তায় নামে তাহলে আমরা মোকাবিলা করব।’
আওয়ামী লীগের অপরাধ আকাশচুম্বি, ক্ষমার অযোগ্য— বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের ইতিহাসে পালিয়ে যাওয়ার রেকর্ড নেই। ২০০৭ সালে ‘আর রাজনীতি করব না’ এ মুচলেকা দিয়ে বিদেশে পালিয়ে গেছে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাদের মূল নেতাই পালিয়ে আছে। ২৮ অক্টোবরের বক্তব্যে তারা বলেছিল আওয়ামী লীগ পালানোর পথ পাবে না। কিন্তু শেষ পর্যন্ত দেখলাম পল্টনের ময়দানে একে একে অলিগলি কোথা দিয়ে কোথায় পালাল; এটা বিএনপি। আমরা পালাব কেন? আমাদের শক্তি দেশের জনগণ। আবারও আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে তাদের পালিয়ে যেতে হবে।’
তিনি আরও বলেন, ‘বিএনপিকে নিশ্চিহ্ন করতে আওয়ামী লীগের দরকার নেই। তাদের নেতিবাচক রাজনীতিই যথেষ্ট। নির্বাচনে না এসে বিএনপি যে মস্তবড় ভুল করেছে তার মাশুল তাদের দিতে হবে।’
১৪ দলীয় জোট আছে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘১৪ দলীয় জোট আছে। জোটনেত্রী শেখ হাসিনা নিজেই বলেছেন, জোট আছে এবং যথাসময়ে আলাপ আলোচনার জন্য বসবেন।’
উপজেলা নির্বাচনে এমপি-মন্ত্রীর স্বজনদের প্রার্থিতা নিয়ে সাধারণ সম্পাদক বলেন, ‘দলীয় নির্দেশ অমান্য করলে তাদের শাস্তি পেতেই হবে। দ্বাদশ জাতীয় নির্বাচনে ৭৩ জন এমপি মনোনয়ন পাননি, ২৫ জন ক্যাবিনেটে বাদ পড়েছেন; শাস্তিটা অনেকভাবেই আসতে পারে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, মির্জা আজম, আফজাল হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।