প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৪ ২৩:০৭ পিএম
জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের এক মতবিনিময় সভায় বক্তব্য দেন জি এম কাদের। প্রবা ফটো
সরকার সিন্দাবাদের দৈত্যের মতো জনগণের কাঁধে চেপে বসেছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, ‘ছোটবেলায় রূপকথার গল্প পড়তাম, আরব্য রজনী। সেখানে বলা হতো, সিন্দাবাদকে একবার দৈত্য নদী পার হওয়ার কথা বলে— আমি পঙ্গু, আমাকে পাড় করে দেন। ঘাড়ের মধ্যে উঠেছে, আর তারপর ঘাড় থেকে নামে না। এখন বর্তমান সরকার সিন্দাবাদের সেই দৈত্য হয়ে জনগণের কাঁধে চেপেছে। এখন জনগণের কথায় সে চলবে না, জনগণকে তার কথায় চলতে বাধ্য করছে। এটি হলো আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য।’
শনিবার (১১ মে) দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে দলটির ঢাকা মহানগর উত্তর আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে অতীতে কোনো সময় এত বেশি বৈষম্য ছিল না। বৈষম্য তৈরি করার জন্য যদি নোবেল প্রাইজ থাকতো, তাহলে বর্তমান সরকার সেই নোবেল প্রাইজ পেত। যারা সরকারি দল করছেন, তারা সব ধরনের নিয়ম-নীতির বাইরে। সব ধরনের সুযোগ-সুবিধা নিচ্ছেন। তারা একটি শক্তিশালী গোষ্ঠী তৈরি করেছেন। আমরা চাই বৈষম্যমুক্ত সমাজ। আর যারা বৈষম্য সৃষ্টি করছেন, আমরা চাই তারাও নিপাত যাক।’
জাপা চেয়ারম্যান বলেন, ‘একটা দেশ পেলাম। প্রজারা বলবেন, আমার দেশ। আমিই চালাব, আমিই সরকার গঠন করব, আমিই সরকার পরিবর্তন করব। উদ্দেশ্য হলো বৈষম্য থেকে মুক্তি। এখন দেখেন, সেই অর্জন, প্রজাদের সেই মালিকানা ছিনতাই হয়ে গেছে। মালিকানা তাদের হাতে নেই! এটা হলো বাস্তব কথা। এখন জনগণের কথায় যে চলবে, জনগণের কথায় যে সরকার পরিবর্তন হবে- এ রকম কোনো বিষয় ঘটছে না। জনগণের কথা বলারই অধিকার নেই। বলতে গেলেই নানা ধরনের সমস্যা। কথা শোনারও কোনো দরকার নেই।’
তিনি বলেন, ‘বর্তমান সরকার একটা শক্তি-সামর্থ্য নিয়ে ঝাঁপিয়ে পড়ে এই দেশটাকে দখল করে ফেলেছে। এখন জনগণের কথা নয়, তাদের কথায় জনগণকে চলতে হবে এবং তাদের কথায় বৈষম্য বা যাই হোক সৃষ্টি হবে, সেখানে জনগণের কোনো কথা বলার অধিকার নেই।’
ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব সুলতান আহমেদের পরিচালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন যুগ্ম আহ্বায়ক সামছুল হক। পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদেরসহ মহানগর উত্তরের ২৬ থানার সভাপতি ও সাধারণ সম্পাদকেরা এ সময় উপস্থিত ছিলেন।