× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুর সিটি নির্বাচনে কে পাচ্ছেন আওয়ামী লীগের মনোনয়ন

রংপুর ব্যুরো

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২২ ০৮:১৪ এএম

আপডেট : ০৮ নভেম্বর ২০২২ ১২:০২ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ২৭ ডিসেম্বর হবে দেশের দ্বিতীয় বৃহত্তম এই সিটির ভোট গ্রহণ। তবে এখনও ঠিক হয়নি কে পাবেন আওয়ামী লীগের মনোনয়ন।

রসিক নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, রাজনৈতিক অঙ্গনে ততই বাড়ছে উত্তেজনা। ভোটের লড়াইয়ের আগেই মনোনয়ন নিয়ে উত্তাপ ছড়াচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মাঠে-ঘাটে, হোটেল-রেস্তোরাঁয়, হাট-বাজারে, অফিস-আদালতে আলোচনায় প্রাধান্য পাচ্ছে সিটি নির্বাচন। আওয়ামী লীগের একাধিক প্রার্থীর মধ্যে কে পাচ্ছেন দলীয় মনোনয়ন, তা নিয়ে আলোচনা এখন তুঙ্গে।

রংপুর নগরী ঘুরে সরেজমিন দেখা যায়, ২০১৭ সালের নির্বাচনের পর থেকে পুরো নগরীর মূল সড়কসহ অলিগলিতে ফেস্টুন লাগিয়ে সিটি নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে নির্বাচিত করার আহ্বান জানিয়ে আসছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষারকান্তি মণ্ডল। তিনি নিজেকে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে প্রচার বিলবোর্ড লাগিয়ে ব্যাপক প্রচার চালিয়েছেন নগরীতে। একই সঙ্গে নগরীর সমস্যাগুলো চিহ্নিত করে প্রচারপত্র বিলি করছেন।

তুষারকান্তি মণ্ডলের সঙ্গে মহানগর আওয়ামী লীগ সভাপতি, রংপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সাফিউর রহমান সফিও সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজের প্রচার চালিয়ে যাচ্ছেন। তারা দুজন নিজেকে সম্ভাব্য প্রার্থী উল্লেখ করে রংপুরের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করার আহ্বান জানান।

এ ছাড়া আওয়ামী লীগের অন্য নেতা মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আতাউজ্জামান বাবু দুই বছর ধরে নির্বাচনী প্রচার সভা করে আসছেন। এ পর্যন্ত তিনি নগরীর ৩৩টি ওয়ার্ডের প্রায় ২৫টিতে শতাধিক সভা করেছেন। অন্যদিকে মহানগর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক, মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এম মজিদও নিজেকে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে বিলবোর্ড লাগিয়ে ও বিভিন্ন স্থানে সভা করে প্রচার চালিয়ে যাচ্ছেন।

সিটি নির্বাচন ঘিরে আওয়ামী লীগের একাধিক নেতা শোডাউন, আলোচনা সভাসহ নানা কৌশলে প্রচারে ব্যস্ত থাকলেও গুঞ্জন রয়েছে কেন্দ্র থেকে এ নির্বাচনে প্রার্থী হওয়ার সবুজ সংকেত পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু। দু-এক দিনের মধ্যে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড রসিক মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক প্রার্থীদের আবেদনপত্র জমা নেবে এবং দলীয় সভাপতি শেখ হাসিনার উপস্থিতিতে ওই বোর্ডে প্রার্থী চূড়ান্ত করা হবে বলে দলীয় সূত্র জানান।

রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের অভিভাবক। তিনি যাকে মনোনয়ন দেবেন আমরা তার পক্ষে কাজ করে যাব। আমি জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনে মনোনয়নপ্রত্যাশী হিসেবে দীর্ঘদিন ধরে প্রচার ও নানা সামাজিক কার্যক্রম চালিয়ে আসছি।’

রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ বলেন, গোয়েন্দা তথ্য, দলীয় তথ্য পর্যালোচনা করে কেন্দ্র থেকে রসিক নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়া হবে। কেন্দ্রের কাছে সব প্রার্থীর সম্পর্কে তথ্য রয়েছে।

মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি বলেন, ‘ছাত্র রাজনীতির সময় থেকে আজ অবধি আমি কোনো অপকর্মের সঙ্গে জড়িত ছিলাম না। নগরবাসীর কাছে আমার একটি ক্লিন ইমেজ আছে। এ ছাড়া আমার প্রতি নগরীর একজন শ্রমজীবী থেকে শুরু করে সচেতন নাগরিকদের সমর্থন আছে। আমি মনোনয়ন পেলে নির্বাচনে জয়লাভ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করতে পারব।’

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষারকান্তি মণ্ডল বলেন, ‘বিগত নির্বাচনের পর থেকে আগামী নির্বাচনে নগরীতে নৌকার প্রার্থীকে জয়ী করতে আমি প্রচার চালিয়ে আসছি। আমি নগরীর সবকটি ওয়ার্ডে উঠান বৈঠকসহ স্থানীয় গণমান্য ব্যক্তিদের নিয়ে আলোচনা করেছি। নগরীর সমস্যাগুলো চিহ্নিত করেছি। আমি দলীয় মনোনয়ন পেলে নির্বাচিত হয়ে নগরীর সেই সমস্যাগুলো দূর করব। দলীয় কর্মী হিসেবে প্রধানমন্ত্রীর কাছে বারবার গিয়ে বড় বরাদ্দ এনে রংপুর সিটিকে একটি আধুনিক ও তথ্যপ্রযুক্তিনির্ভর নগরী হিসেবে গড়ে তুলতে পারব।’

মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউজ্জামান বাবু বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন রংপুরের উন্নয়ন তিনি নিজ কাঁধে তুলে নিয়েছেন। তিনি তার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন। তবে রংপুর নগরীর সমস্যাগুলো সমাধানে কোনো রাজনৈতিক দলের নেতা চেষ্টা করেননি। আমি নগরীর সমস্যাগুলো নিয়ে কথা বলছি। আমার পক্ষে নগরবাসীর ব্যাপক সমর্থন রয়েছে। তারা আমাকে নৌকার প্রার্থী হিসেবে দেখতে চান এবং নির্বাচনে জয়ী করে তাদের চাওয়াগুলো পূরণ করতে চান।’

মহানগর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক শ্রমিক নেতা এম এ মজিদ বলেন, ‘রংপুর নগরীকে যানজটমুক্ত, পরিচ্ছন্ন, দুর্নীতিমুক্ত হিসেবে গড়ে তুলতে আমার ব্যাপক পরিকল্পনা রয়েছে।’

চলতি বছরের ২৭ ডিসেম্বর রসিক নির্বাচনের ভোট গ্রহণ হবে। এ সিটি করপোরেশনে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৭ সালের ২১ ডিসেম্বর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা