সাজ্জাদুল ইসলাম
প্রকাশ : ১৮ মার্চ ২০২৪ ০৯:০৩ এএম
আপডেট : ১৮ মার্চ ২০২৪ ১১:১৩ এএম
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি
ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটিসহ মেয়াদোত্তীর্ণ ইউনিটগুলোর সম্মেলন শেষ করার তাগিদ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গত বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে দুই সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের সঙ্গে বৈঠকে তিনি এই নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে। বৈঠকে তিনি আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোকে দক্ষতা বাড়ানোরও নির্দেশনা দিয়েছেন। এ লক্ষ্যে সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাংগঠনিক সফর শুরু করতে বলা হয়েছে।
সূত্র জানিয়েছে, নির্বাচন-পরবর্তী সময়ে দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পর্যায়ক্রমে সব সহযোগী সংগঠনের সঙ্গে সাংগঠনিক সভা করতে বলেছেন। ইতোমধ্যে দ্রুত ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের কমিটি পূর্ণাঙ্গ করার তাগিদ দেওয়া হয়েছে। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ সাংগঠনিক জেলাগুলোয় সম্মেলন করতে বলা হয়েছে।
এ বিষয়ে যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সরোয়ার ডেইজি বলেন, ‘নির্বাচনের কারণে গেল বছর আমরা সেভাবে সাংগঠনিক কার্যক্রম চালাতে পারিনি। আমাদের নেতাকর্মীরা বিরোধীদলের আন্দোলন মোকাবিলায়ও ব্যস্ত ছিলেন। ইতোমধ্যে আমরা ঢাকা মহানগর উত্তর-দক্ষিণকে পূর্ণাঙ্গ কমিটি করে জমা দিতে বলেছি। আশা করি আসছে ঈদের পরেই এগুলোর সমাধান হয়ে যাবে।
প্রসঙ্গত, গত ২০২২ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত সম্মেলনে ঢাকা মহানগর দক্ষিণ যুব মহিলা লীগের সভাপতি পদে ফারজানা ইয়াসমিন এবং সাধারণ সম্পাদক পদে নিলুফা রহমান নির্বাচিত হন। অন্যদিকে ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হন যথাক্রমে তাহেরা খাতুন লুৎফা ও শামীমা রহমান। এরপর গত এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এ দুটি কমিটি পূর্ণাঙ্গ হয়নি।
বৈঠকে ওবায়দুল কাদের সংগঠনের স্বার্থে সবাইকে রাগ-অভিমান ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। যুব মহিলা লীগের নেতারাও ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
এ প্রসঙ্গে প্রতিদিনের বাংলাদেশকে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি বলেন, ‘আমরা এর মধ্যে সাংগঠনিক গতিশীলতা বাড়াতে টিম গঠন করেছি। সেগুলো ইতোমধ্যে কাজ শুরু করেছে। আমাদের অনেক জেলায় আহ্বায়ক এবং পুরাতন (মেয়াদোত্তীর্ণ) কমিটি রয়েছে। সেগুলোতে সম্মেলনের মাধ্যমে জলদি নতুন কমিটি গঠন করা হবে। সারা দেশের সব ইউনিটকে সাংগঠনিক রিপোর্ট জমা দিতেও বলা হয়েছে। কমিটি করার ক্ষেত্রে আমরা স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে সমন্বয় করে কাজ করব।’
প্রসঙ্গত, ২০২২ সালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ষষ্ঠ ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে মহিলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পান মেহের আফরোজ চুমকি। সাধারণ সম্পাদক পদে আসেন শবনম জাহান শিলা। পাশাপাশি ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পেয়েছিলেন সাহেদা খানম দিপ্তী এবং সাধারণ সম্পাদক হাসিনা রাবী চৌধুরী। এ ছাড়া স্বপদে বহাল থাকেন ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেরা বেগম, সাধারণ সম্পাদক নির্বাচিত হন পারুল আক্তার। তবে এই কমিটি এখনও মহানগরের কমিটি পূর্ণাঙ্গ করতে পারেনি।
এ বিষয়ে জানতে চাইলে মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা বলেন, ‘আমি মিটিংয়ে উপস্থিত ছিলাম না। তবে আমরা আমাদের সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে কাজ করে যাচ্ছি।’ তিনি কেন্দ্রীয় সভাপতি মেহের আফরোজ চুমকির সঙ্গেও যোগাযোগ করতে বলেন। তবে মেহের আফরোজ চুমকির মোবাইল ফোনে বার বার কল করেও কোনো সাড়া পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পারুল আক্তার বলেন, ‘আমরা তো কাজ করেই যাচ্ছি।’ এর থেকে বেশি কিছু বলতে তিনি রাজি হননি।