প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মার্চ ২০২৪ ১৩:৪৪ পিএম
আপডেট : ০৪ মার্চ ২০২৪ ১৬:০৯ পিএম
জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তৃতাকালে জয়নুল আবদিন ফারুক। প্রবা ফটো
আন্দোলনের মধ্য দিয়ে জনগণ সরকারকে বিদায় করবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।
তিনি বলেছেন, এই সরকারকে বিদায় নিতে হবে। তাই সরকারকে বলব, জনদাবি মেনে অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায় আন্দোলনের মধ্য দিয়ে জনগণই আপনাদেরকে ক্ষমতা থেকে বিদায় করবে। সেদিন বেশি দূরে নয়।
সোমবার (৪ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন ফারুক। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ‘তৃণমূল নাগরিক আন্দোলন’ এর উদ্যোগে এই মানববন্ধন হয়।
তিনি আরও বলেন, ৭ জানুয়ারির নির্বাচনী প্রহসন দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ প্রত্যখ্যান করেছে। সুতরাং এই নির্বাচন ও নতুন সরকার দেশে-বিদেশে কোনো গ্রহণযোগ্যতা পায়নি।
সরকারের উদ্দেশে জয়নুল আবদিন ফারুক বলেন, ভোট চুরি করে ক্ষমতায় এলেও আপনারা সরকারে আছেন। তাই বলবো, রোজার মাসে অন্তত সিন্ডিকেট বন্ধ করুন। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসুন। সিন্ডিকেট কে, শেয়ারবাজার কারা লুট করেছে, আপনারা সব জানেন।
তিনি আরও বলেন, কানাডায় কারা বেগমপাড়া বানিয়েছে, সব তথ্য বিএনপির কাছে আছে। কারা বিদেশে অর্থ পাচার করেছে, কারা শেয়ারবাজার লুটপাট করেছে- সব ঘটনার হিসাব-নিকাশ একদিন এই বাংলার মাটিতেই হবে।
কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক ও তৃণমূল নাগরিক আন্দোলনের সভাপতি মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে এবং কৃষক দলের ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নাঈমের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, কৃষক দলের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিয়া হাসান, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন, কেন্দ্রীয় সদস্য আবুল হোসেন প্রমুখ।