প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৪ ১৯:৪২ পিএম
আপডেট : ০৩ মার্চ ২০২৪ ২০:১৯ পিএম
পতাকা উত্তোলন দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দলের আলোচনা সভা। প্রবা ফটো
দ্বিতীয় মুক্তিযুদ্ধের আহ্বান জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, দ্বিতীয় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দ্বিতীয় রিপাবলিক প্রতিষ্ঠা করতে হবে। দ্বিতীয় মুক্তিযুদ্ধকে বিপুল সম্ভাবনার আলোকে বিচার করতে হবে। এটা নিপীড়নমূলক বাংলাদেশকে বদলে দেবে, অন্যায়-অবিচারের হাহাকার বন্ধ হবে। গণমুখী শাসন কায়েম হবে।
রবিবার (৩ মার্চ) বিকালে ২ মার্চ পতাকা উত্তোলন দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
আবদুর রব বলেন, ‘এই লড়াইয়ে ঔপনিবেশিক অপশাসন দূর করতে হবে। এরপর রাষ্ট্রব্যবস্থা সংস্কার, সংবিধান সংশোধন ও দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ব্যবস্থা চালু, প্রদেশ ও স্বশাসিত স্থানীয় সরকার ব্যবস্থা চালু করতে হবে। নিরাপদ ও হুমকীবিহীন জাতীয় ঐকমত্যের এক রাজনৈতিক ব্যবস্থা বিনির্মাণ করতে হবে।’
জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক অচলায়তন ভাঙার জন্য, নিপীড়নমূলক রাষ্ট্রব্যবস্থা উচ্ছেদের জন্য, অন্যায়-অত্যাচার, চরম শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে নতুন যুদ্ধের ডাক দিয়েছেন আ স ম রব। যা হচ্ছে এ সময়ের শ্রেষ্ঠ অস্ত্র দ্বিতীয় মুক্তিযুদ্ধ।’
সভাপতির বক্তব্যে তানিয়া রব বলেন, ‘একাত্তরের যুদ্ধে আমরা পতাকা আর মানচিত্র পরিবর্তন করেছি। এবার দ্বিতীয় মুক্তিযুদ্ধে রাষ্ট্রব্যবস্থার রূপান্তর সম্পন্ন করতে হবে।’
দলের সিনিয়র সহসভাপতি তানিয়া রবের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। আরও বক্তব্য দেন কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, ভাষানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, শ্রমিক নেতা মেজবাহ উদ্দিন আহমেদ, জেএসডি নেতা অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, মোহাম্মদ সিরাজ মিয়া, অ্যাডভোকেট কেএম জাবির, কামাল উদ্দিন পাটোয়ারী, অ্যাডভোকেট সৈয়দা ফাতেমা, অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশারফ হোসেন, এসএম শামসুল আলম নিক্সন প্রমুখ।