প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:০৫ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৪৮ পিএম
শুক্রবার সকালে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বনানীর বাসায় দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। প্রবা ফটো
সদ্যকারামুক্ত বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে দেখতে যান দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে আলালের বনানীর বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। এ সময় তিনি আলালের শারীরিক অবস্থা ও পরিবারের খোঁজ নেন।
আগের দিন বৃহস্পতিবার আলালের বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির অন্য সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এদিন ফোন করে আলালের খোঁজ নেন সদ্যকারামুক্ত স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস।
এর আগে তিন মাস ২৩ দিন পর বুধবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আগে থেকেই অসুস্থ তিনি। কারাগারে থাকায় শারীরিকভাবে আরও অসুস্থ হয়ে পড়েছেন।
আলাল জানান, ল্যাবএইড হাসপাতালের কিডনি বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের অধীনে চিকিৎসা নিচ্ছেন তিনি।
গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টন থানায় দায়ের করা মামলায় ৩১ অক্টোবর কাঁঠালবাগানের একটি বাসা থেকে আলালকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।