প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৪৪ পিএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৩৮ পিএম
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী। প্রবা ফটো
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ২১ ফেব্রুয়ারি ভোর ৬টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন। ওই দিন সকাল ৬টায় কালো ব্যাজ সহকারে প্রভাতফেরিতে অংশগ্রহণের জন্য বলাকা সিনেমা হলের সামনে দলীয় নেতাকর্মীদের জমায়েত এবং আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের মাজার জিয়ারত শেষে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে যাত্রা ও শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হবে।
রিজভী বলেন, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামীকাল মঙ্গলবার দুপুর ২টায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ মিলনায়তনে দলের পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দেশবরেণ্য বুদ্ধিজীবী ও ভাষা সৈনিকরা এই আলোচনা সভায় বক্তব্য দেবেন।
তিনি বলেন, ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সারা দেশে দলের জেলা/মহানগর/উপজেলা/থানা ও বিভিন্ন ইউনিট কার্যালয়ে সকাল ৬টায় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, প্রভাতফেরি এবং স্থানীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হবে। ওইদিন দেশব্যাপী দলের বিভিন্ন ইউনিট স্থানীয় সুবিধানুযায়ী ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভার আয়োজন করবে।
রিজভী আরও বলেন, ২১ ফেব্রুয়ারির চেতনা আমাদের পথ দেখায় ও অনুপ্রেরণা জোগায়। সেই চেতনাকে ধারণ করেই আমরা বাংলাদেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করব, ইনশাআল্লাহ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নুল আবদিন ফারুক, আবুল খায়ের ভূঁইয়া, ডা. আবদুল কুদ্দুস, সহদপ্তর সম্পাদক মো. মুনির হোসেন, নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং, কাজী রফিক, বিএনপি নেতা অধ্যাপক ইমতিয়াজ বকুল প্রমুখ।