প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২২ ১৩:০১ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২২ ১৯:৫৯ পিএম
আওয়ামী লীগ
২০২১ সালে ক্ষমতাসীন আওয়ামী লীগের আয় হয়েছে ২১ কোটি ২৩ লাখ ৪৬ হাজার ১০৬ টাকা। আগের বছর ২০২০ সালে দলটির আয়ের পরিমাণ ছিল ১০ কোটি ৩৩ লাখ ৪৩ হাজার ৫৩৩ টাকা। অর্থাৎ, এক বছরে দলটির আয় বেড়ে দ্বিগুণ হয়েছে।
আজ রবিবার নির্বাচন কমিশনে জমা দেওয়া দলটির হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে। আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান আজ সকালে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকারের কাছে দলের ২০২১ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দেন।
২০২০ সালের তুলনায় ২০২১ সালে আওয়ামী লীগের ১০ কোটি ৯০ লাখ ২ হাজার ৫৭৩ টাকা বেশি আয় হয়েছে। ২০২১ সালের বছর শেষে দলটির ব্যাংকে স্থিতি ছিল ৭০ কোটি ৪৩ লাখ ৭০ হাজার ১৬৬ টাকা। আগের বছর অর্থাৎ, ২০২০ সাল শেষে স্থিতি ছিল ৫০ কোটি ৭৬ লাখ ৩৭ হাজার ১৯৪ ঢাকা। গত বছর আয় বৃদ্ধির কারণ হিসেবে দলটি মনোনয়ন ফরম বিক্রি ও প্রাথমিক সদস্য সংগ্রহ ফরম বিক্রির কথা জানিয়েছে।
জমা দেওয়া হিসাব অনুযায়ী, ২০২১ সালে আওয়ামী লীগের আয় বাড়লেও কমেছে ব্যয়। ২০২১ সালে আওয়ামী লীগের মোট ব্যয় হয়েছে ৬ কোটি ৩০ লাখ ১৯ হাজার ৮৫২ টাকা। ২০২০ সালে দলটির ব্যয় ছিল ৯ কোটি ৯৪ লাখ ৪৯ হাজার ৯৩১ টাকা। ২০২০ সালের তুলনায় গত বছর দলটির ব্যয় ৩ কোটি ৬৪ লাখ ৩০ হাজার ৭৯ টাকা কম হয়েছে।
ব্যয় কমার কারণ হিসেবে দলটি জানিয়েছে, ২০২০ সালে করোনা মহামারিতে দলীয় নেতা-কর্মীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছিল। কিন্তু গত বছর নগদ অর্থ বিতরণের পরিমাণ কম ছিল।
২৮ জুলাই গত বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দেয় বিএনপি। হিসাবে অনুযায়ী, ২০২১ সালে দলটির আয় হয়েছে ৮৪ লাখ ১২ হাজার ৪৪৪ টাকা। ব্যয় হয়েছে ১ কোটি ৯৮ লাখ ৪৭ হাজার ১৭১ টাকা। হিসাবমতে, গত বছর বিএনপি আয়ের চেয়ে ১ কোটি ১৪ লাখ ৩৪ হাজার ৭২৭ টাকা বেশি ব্যয় করেছে।