প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪ ১২:৫০ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪ ১৫:৫৮ পিএম
সুনীল শুভ রায়
দলের প্রেসিডিয়াম সদস্য ও বিশিষ্ট সাংবাদিক সুনীল শুভ রায়কে জাতীয় পার্টির (জাপা) রওশন এরশাদপন্থিদের মুখপাত্র করা হয়েছে।
জিএম কাদেরকে অব্যাহতি দিয়ে নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করা রওশন এরশাদের অনুমোদনক্রমে দলের নবনিযুক্ত মহাসচিব কাজী মামুনুর রশীদ সোমবার (২৯ জানুয়ারি) সকালে এই নিয়োগ দেন।
রওশনপন্থি জাতীয় পার্টি মহাসচিবের বিশেষ সহকারী কাজী লুৎফুল কবীর স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়কে অতিরিক্ত দায়িত্ব হিসেবে জাতীয় পার্টির মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়া হলো। এখন থেকে জাতীয় পার্টির যাবতীয় প্রেস ও মিডিয়া সম্পর্কিত সব দায়িত্ব নবনিযুক্ত মুখপাত্রের ওপর ন্যস্ত করা হলো।
দলের চেয়ারম্যানের সিদ্ধান্তক্রমে এই নিয়োগ ঘোষণার পর থেকেই কার্যকর বলে জানানো হয়।
জাপায় এরশাদপত্নী রওশন ও দেবর জিএম কাদেরের রাজনৈতিক টানাপড়েন পুরোনো। গেল দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তা আরও প্রকট হয়। নির্বাচনে ভরাডুবির পর দলের নেতাকর্মীদের মধ্যে জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর ভূমিকা নিয়ে ক্ষোভের সঞ্চার হয়। এই দুই নেতার পদত্যাগের দাবিতে বিক্ষোভও করেন তারা। পরে বহিষ্কার করা হয় এসব নেতাকর্মীদের কয়েকজনকে। এর জেরে জাপার কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের ছয় শতাধিক নেতাকর্মী সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন।
দুদিন আগে রওশনপন্থি হিসেবে পরিচিতি নেতাদের পক্ষ থেকে জানানো হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য নেতৃত্ব ও ভুল সিদ্ধান্তের কারণে অভিভাবকহীন হয়ে পড়া জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মীদের আহ্বানে সাড়া দিয়েছেন দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।
এরই মধ্যে গতকাল রবিবার জাতীয় পার্টির চেয়ারম্যান পদ থেকে জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দেন দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। একই সঙ্গে নিজেকে দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেন তিনি। আর দলের মহাসচিবের দায়িত্ব দেন প্রেসিডিয়াম সদস্য কাজী মামুনুর রশীদকে।
রাজধানীর গুলশানে নিজ বাসভবনে মতবিনিময় সভায় দলের বহিষ্কৃত নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন তিনি।
তবে এই অব্যাহতি আমলে না নেওয়ার কথা জানিয়ে প্রতিক্রিয়ায় মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেন, ‘এবারই প্রথম নয়, এটা তৃতীয়বার। এর আগেও দুবার তিনি এইরকম বাদ দিয়ে নিজেই চেয়ারম্যান ঘোষণা করেছেন। পরবর্তীতে প্রত্যাহার করেছেন উনার ঘোষণা দেওয়া ঠিক না। কাজেই উনার এই ঘোষণা আমি মহাসচিব হিসেবে নলেজে নিচ্ছি না। এটার কোনো ভিত্তি নাই। এটা অগঠনতান্ত্রিক, এ ধরনের কোনো ক্ষমতা উনার নাই। এই বিষয়টা আইনের ভাষায় যেটা বলে আমরা এটা আমলে নিচ্ছি না।’