প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪ ১৮:২৫ পিএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪ ১৯:১৯ পিএম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ফটো
প্রতিবছর জন্মদিনের ভোরে অস্ট্রেলিয়া প্রবাসী বড় মেয়ে মির্জা শামারুহর টেলিফোনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঘুম ভাঙে। কিন্তু এবার ৭৮তম জন্মদিনের সকালে কোনো ফোন আসেনি। এবারের তার জন্মদিনটা কেটেছে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের ছোট কক্ষে ‘একাকীত্বে’।
শুক্রবার (২৬ জানুয়ারি) তার ৭৮তম জন্মদিন। ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি এ দিনে তিনি ঠাকুরগাঁয়ে জন্মগ্রহণ করেছিলেন।
আজ সকাল ১১টায় গুলশানের বাসা থেকে স্ত্রী রাহাত আরা বেগম তার ছোট মেয়ে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বোনকে নিয়ে মির্জা ফখরুলের সঙ্গে দেখা করতে কারাগারে যান।
রাহাত আরা বেগম বলেন, ‘উনার শরীরটা ভালো না। ওয়েট (ওজন) কমে গেছে পাঁচ কেজি। বুঝতেই পারছেন, মনটা আমার ভালো না। আমরা তিনজন সকালে কেরানীগঞ্জ গিয়েছিলাম। দেখা হয়েছে। কিছু সময় থেকে চলে এসেছি। দোয়া করবেন উনার জন্য।’
দুই মেয়ে আর স্ত্রীকে নিয়ে এই প্রবীণ রাজনীতিবিদের জীবন। বড় মেয়ে মির্জা শামারুহ অস্ট্রেলিয়াপ্রবাসী ক্যানবেরায় ফেডারেল মেডিকেল কাউন্সিলের সিনিয়র সায়েন্টিস্ট হিসেবে কাজ করছেন। ছোট মেয়ে মির্জা সাফারুহ ঢাকার ধানমন্ডিতে একটি ইংরেজি মাধ্যমের স্কুলে শিক্ষকতা করেন।
২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পুলিশ পণ্ড করে দেওয়ার পরের দিন গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয় দলটির মহাসচিবকে। প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুরের ঘটনায় মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ২৮ অক্টোবরে পল্টন ও রমনা থানায় পুলিশ বাদী হয়ে মোট ১১টি মামলা করে। এসব মামলার নয়টির এজাহারে মির্জা ফখরুলের নাম রয়েছে।
পল্টন ও রমনা থানার পৃথক নয়টি মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন হয়েছে মহানগর মুখ্য হাকিম আদালতে। আইনজীবীরা জানান, এখনও আরও একটি মামলায় তার জামিন বাকি আছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের কৃতী ছাত্র ছাত্রজীবনে বাম রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন তিনি। জাতীয় রাজনীতিতে যুক্ত হওয়ার আগে ঢাকা কলেজসহ কয়েকটি সরকারি কলেজে অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন। সরকারি চাকরি ছেড়ে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন মির্জা ফখরুল। ২০১৬ সাল থেকে বিএনপির মহাসচিব হিসেবে টানা দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি।
বর্তমান সরকারের আমলে অতীতেও কয়েক দফা গ্রেপ্তার, বন্দিজীবন কাটাতে হয়েছে এই প্রবীণ রাজনীতিবিদকে।
গত বছরের ২৯ অক্টোবর থেকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।