× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এখন বিদ্যুৎ, পরে তেল, এরপর দেখবেন রিজার্ভ শেষ : মির্জা ফখরুল

প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক

প্রকাশ : ২৯ জুলাই ২০২২ ১৭:৩২ পিএম

মির্জা ফখরুল

মির্জা ফখরুল

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে হুঁশিয়ারি দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের পতন ঘণ্টা বাজতে শুরু করেছে।  তিনি বলেন, এখন বিদ্যুৎ, এর পরে জ্বালানি তেল, এরপর দেখবেন খাজাঞ্চিখানা শূন্য হচ্ছে, রিজার্ভ শেষ হচ্ছে। দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে আকাশচুম্বী হয়ে। 

আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে  এক বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি। জ্বালানি, গ্যাসের মূল্য বৃদ্ধি ও লোডশেডিংয়ের প্রতিবাদে ওই সমাবেশের আয়োজন করা হয়।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন,  বন্ধুগণ এখন আর অনেক দফাটফা নাই। এখন একটাই দফা, এক দাবি এই মুহূর্তে পদত্যাগ করো। তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করো। একটি নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে এই সংসদ বাতিল করো এবং নতুন নির্বাচন কমিশনের অধীনে একটা গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা, জনগণের হাতে ফিরিয়ে দাও।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আর সময় নেই, এখন জেগে উঠতে হবে। এই ভয়াবহ ফ্যাসিবাদ ও দুর্নীতিবাজ সরকারকে একটা ধাক্কা লাগাতে হবে।’

এ সময় সাড়া জাগানো বাংলা চলচ্চিত্র হীরক রাজার দেশের বিখ্যাত কথোপকথন ‘দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান’ তুলে স্লোগান দেন বিএনপি মহাসচিব। নেতাকর্মীরাও তার সঙ্গে একই স্লোগান দিতে থাকেন।

মির্জা ফখরুল বলেন, ‘প্রতিদিন বাংলাদেশের মানুষ হয় সড়ক দুর্ঘটনায়, না হলে আওয়ামী লীগের নির্যাতনে মারা যাচ্ছে। মানুষকে হত্যা করা হচ্ছে। সবদিকে আজকে একটা হাহাকার পড়ে গেছে।’

সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে মড়ার উপর খাঁড়ার ঘার মতো এসেছে লোডশেডিং। বিদ্যুৎ নেই, আমাদের মা-বোনেরা আজকে সমাবেশে হারিকেন নিয়ে এসেছেন। এই হারিকেনটা গণভবনে পাঠিয়ে দেন।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘শুধু মিটিংয়ে হারিকেন নিয়ে এলে চলবে না। যখনই লোডশেডিং হবে তখনই হারিকেন আর মোমবাতি নিয়ে বের হতে হবে।’

সরকার বিদ্যুতের জন্য হাজার হাজার কোটি টাকা লুট করেছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ‘দেশে ২০২১ সালে বিদ্যুৎ খাতে লোকসান হয়েছে ২৮ হাজার কোটি টাকা। অনেক কোম্পানি হাজার হাজার কোটি টাকা বিদ্যুৎ উৎপাদন না করে টাকা নিয়ে চলে গেছে।

‘এই বিদ্যুৎ আমদানির জন্য কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট করা হয়েছিল। যে পাওয়ার প্যান্টগুলো এসেছিল কোনো টেন্ডার না করে। এর মাধ্যমে হাজার কোটি টাকা লুটে নেয়া হয়েছে। যার জন্য কোনো মামলা হবে না, ইনডেমনিটি আইন তৈরি করেছে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রসঙ্গ তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘গতকালই ওবায়দুল কাদের সাহেব বলেছেন, দেশে বিদ্যুৎ ও জ্বালানির কোনো ঘাটতি নেই। ঘাটতি না থাকলে লোডশেডিং কেন? ঘাটতি নেই তো ৮ ঘণ্টা বিদ্যুৎ নেই কেন? কেন জ্বালানি নিয়ে বিশেষজ্ঞরা বলছেন যে বাংলাদেশে এখন অশনিসংকেত?

‘এই সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রের পরিণত করেছে। সুতরাং তাদের আর কোনো সুযোগ দেওয়া যাবে না।’

বিএনপি মহাসচিব বলেন, ‘কিছুদিন আগে আওয়ামী লীগের সভানেত্রী কী বললেন? কাউকে বাধা দেয়া হবে না। আপনারা মিটিং-মিছিল করতে পারবেন। কিন্তু ঢাকা শহরে একটা সভা করার মতো জায়গা দেওয়া হয় না। আর প্রেস ক্লাবে জায়গা হয় না। পার্টি অফিসের সামনেও অনুমতি দেয়া হয়নি।’

তিনি বলেন, ‘এই সরকার অনর্গল মিথ্যা কথা বলে, মানুষকে ধোঁকার মধ্যে রাখে। দেশে এখন সত্য কথা বললে বিরোধীদের শাস্তি দেওয়া হয়।’

বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, বিএনপি নেতা ফজলুল হক মিলনসহ বিএনপির মহানগর এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা