প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪ ১৩:০৩ পিএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৪ ১৫:২০ পিএম
সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের নেতারা। প্রবা ফটো
‘এক দফা’ দাবিতে ২৬ ও ২৭ জানুয়ারি সারা দেশে কালো পতাকা মিছিলের ডাক দিয়েছে বিএনপি।
রবিবার (২১ জানুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের পর রাজপথে এটি বিএনপির প্রথম কর্মসূচি।
ঘোষণা অনুযায়ী, ২৬ জানুয়ারি (শুক্রবার) সব জেলা সদরে এবং ২৭ জানুয়ারি সব মহানগরে পতাকা মিছিল পালন করবে বিএনপি।
কর্মসূচির ঘোষণায় রিজভী বলেন, ‘দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ সকল রাজবন্দির মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার, অবৈধ সংসদ বাতিলসহ এক দফা দাবি আদায়ের লক্ষ্যে কালো পতাকা মিছিল হবে।’
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, আসাদুল করীম শাহিন, মীর নেওয়াজ আলী, তারিকুল ইসলাম তেনজিং, আমিনুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সাইফুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।