প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪ ১৫:৪১ পিএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪ ১৬:১৪ পিএম
কৃষকদের উন্নতির জন্য যা যা করা প্রয়োজন সাধ্যমতো সব চেষ্টাই করবেন বলে জানিয়েছেন নতুন কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ।
প্রথম কর্মদিবসে রবিবার (১৪ জানুয়ারি) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মন্ত্রী বলেন, ‘কৃষকদের উন্নতির জন্য যা যা করা দরকার সাধ্যমতো সব চেষ্টা করব।’
তিনি আরও বলেন, ‘কৃষিতে উৎপাদনটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা যদি উৎপাদন করতে না পারি তাহলে বাজার কীভাবে দখল করব, মূল্য কীভাবে নিয়ন্ত্রণ করব, আর কীভাবে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই চেইনকে কার্যকর করব?’
বাজার সিন্ডিকেট নিয়ে এক প্রশ্নের জবাবে আব্দুস শহীদ বলেন, ‘সিন্ডিকেট সব জায়গায় থাকে। তাদের কীভাবে ক্র্যাশ করতে হবে সেটার পদ্ধতি বের করতে হবে। আমাদের কাউকে গলা টিপে মারার সুযোগ নেই। কর্মের মাধ্যমে এগুলোকে কন্ট্রোল করতে হবে। তাহলে সিন্ডিকেট অবশ্যই দুর্বল হয়ে যাবে।’