প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪ ০৯:৪৫ এএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৪ ১৫:৫৮ পিএম
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ফটো
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের বিজয় পূর্ণতা পেয়েছিল। আজকের দিনের শপথ সাম্প্রদায়িক অশুভ শক্তি দেশে যে বিষবৃক্ষ ছড়িয়েছে, তা সমূলে উৎপাটন করে মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয় সুসংহত করা।
বুধবার (১০ জানুয়ারি) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘আজকের দিনের শপথ সাম্প্রদায়িক অপশক্তি দেশে যে বিষবৃক্ষ ছড়িয়েছে, তা সমূলে উৎপাটন করে মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয় সুসংহত করা। পাকিস্তানিদের পরাজিত করে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমরা বিজয়ী হই। তবে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে আমাদের বিজয়ও ছিল অসম্পূর্ণ। বিজয়ের মহানায়ক নেই, বিজয়ও যেন অনুপস্থিত। ১০ জানুয়ারি যখন তিনি এলেন, তখনই ১৬ ডিসেম্বরের বিজয় পূর্ণতা পেল।’
তিনি বলেন, ‘৭৫ সালে সপরিবার বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে আবারও উল্টো পথে যাত্রা হয়। দীর্ঘ ২১ বছর দেশ আবারও পাকিস্তানি ও সাম্প্রদায়িক ধারায় চলে যায়।’
সেতুমন্ত্রী বলেন, ‘আজ ঘাতপ্রতিঘাত, ষড়যন্ত্র-রক্তপাত, বাধাবিঘ্নসহ নানা চ্যালেঞ্জ অতিক্রম করছি। ১০ জানুয়ারি নতুন বছরের নতুন পরিস্থিতিতে দাঁড়িয়েছি। শেখ হাসিনার নেতৃত্বে আমরা দ্বাদশ সংসদ নির্বাচনে বিপুলভাবে বিজয়ী হয়েছি। তিনি পঞ্চমবারের মতো এবং টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হয়েছেন।’