প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪ ১৬:২০ পিএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪ ১৬:৫৯ পিএম
রাজধানীর নয়াপল্টনে বিএনপির অফিস। ফাইল ছবি
সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচিতে আবারও হরতালে ফিরেছে বিএনপি। আগামী ৬ জানুয়ারি সকাল ৬টা থেকে ৮ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত হরতাল ডেকেছে দলটি। অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন ৭ জানুয়ারি হরতাল পালনের মাধ্যমে মাঠে থাকছে বিএনপি।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নতুন কর্মসূচি ঘোষণা দেন।
তিনি জানান, সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে নতুন এ কর্মসূচি বিএনপিসহ সমমনা দলগুলো পালন করবে।
অহসযোগ আন্দোলনের পক্ষে বিএনপি ও সমমনা দলগুলোর চলমান চতুর্থ দফার তিন দিনের কর্মসূচি গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার। তবে শুক্রবারও (৫ জানুয়ারি) সারা দেশে মিছিল ও গণসংযোগ করবে তারা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়ার মধ্য দিয়ে শুরু হওয়া নির্বাচনী প্রচার শেষ হবে ৫ জানুয়ারি। অর্থাৎ নির্বাচনী প্রচারের শেষ দিন, নির্বাচনের ভোটগ্রহণের আগের দিন, ভোটের দিন ও ভোটের পরের দিন দুটি কর্মসূচি নিয়ে মাঠে থাকবে বিএনপি ও সমমনা দলগুলো।
গত ২৮ অক্টোবর নয়াপল্টনে মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর দফায় দফায় হরতাল ও অবরোধ দিয়ে আসছিল বিএনপি ও সমমনা দলগুলো। এর মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর অসহযোগ আন্দোলনের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি দেওয়া শুরু করে বিএনপি নেতৃত্বাধীন সরকারবিরোধী এই পক্ষটি।