প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪ ১৪:৩৭ পিএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৪ ১৪:৩৯ পিএম
জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। প্রবা ফটো
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘বাংলাদেশে যে সংকট চলছে, সেটিকে দূরীভূত করতে বিএনপি এবং সমমনা দলগুলো আন্দোলন ও সংগ্রাম করছে। তাই সরকারকে অনুরোধ করব, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বিএনপি যে আন্দোলন সংগ্রাম করছে, সেই আন্দোলন ও সংগ্রামের প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে নতুন বছরে পদত্যাগ করে এই একদলীয় ডামি নির্বাচন বন্ধ করুন।’
মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সংগ্রাম পরিষদের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি।
নির্বাচন কমিশনের উদ্দেশে জয়নুল আবদিন বলেন, ‘আগামী ৭ জানুয়ারি যে একদলীয় নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে না। তাই অবিলম্বে ২০১৪ এবং ২০১৮ সালের মতো একদলীয় ডামি নির্বাচন বন্ধ করুন।’
তিনি আরও বলেন, ‘সরকার যে একদলীয় ডামি নির্বাচন আয়োজন করেছে, সেই নির্বাচনে জনগণ যাতে অংশগ্রহণ না করে, সেজন্য বিএনপি লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে। এই কর্মসূচি সফল করার মধ্য দিয়ে আমরা জনগণকে আহ্বান জানাব, আপনারা এই ডামি নির্বাচন বর্জন করুন।’
বিএনপির এই নেতা বলেন, ‘পৃথিবীর ইতিহাসে স্বৈরাচার সরকার জনগণকে বিভ্রান্ত করার জন্য এবং তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য নানা কূটকৌশল অবলম্বন করে ক্ষমতায় টিকে থাকতে চায়। কিন্তু কোনো স্বৈরাচার সরকার ক্ষমতায় টিকে থাকতে পারেনি। এই সরকারও পারবে না।’