প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪ ১৪:০০ পিএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৪ ১৬:০৪ পিএম
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের নেতাকর্মীরা। প্রবা ফটো
নির্বাচন বর্জন করা বিএনপিকে ইঙ্গিত করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘হঠাৎ করে তারা গুপ্ত হত্যা, চোরাগুপ্তা হামলায় ভয়ঙ্করভাবে ঝুঁকে পড়তে পারে। সেজন্য তারা প্রস্তুতি নিচ্ছে। এখন লিফলেট বিতরণের মাধ্যমে নীরবতা দেখালেও সশস্ত্র হয়ে উঠবে, এমন খবর আমরা পাচ্ছি।’
মঙ্গলবার (২ জানুয়ারি) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
নিজের এ বক্তব্যের ব্যাখ্যায় ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপিকে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। ২০১৩ থেকে শুরু করে ১৪, ১৮ নির্বাচন। এই নির্বাচনে তাদের যে ভূমিকা, যেভাবে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড সারা দেশে চালিয়েছে, সরকারি অফিস ভাঙচুর, রাস্তা কেটে ফেলা, আগুন দেওয়া, ৫০০ এর বেশি মানুষকে পুড়িয়ে হত্যা... এবারও তারা ব্যর্থতার হতাশা নিয়ে অনেক কিছুই করতে পারে। কারণ তারা জানে আন্দোলনে তারা সফল হয়নি। নির্বাচনেও হেরে যাওয়া ছাড়া কোনো উপায় নেই।’
তবে যত বাধা বিপত্তিই আসুক যথাসময়ে নির্বাচন করতে আওয়ামী লীগ অটল জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আমরা অবিচল, অটল। আমাদের ওপর নির্বাচন অনুষ্ঠান ইতিহাস অর্পিত দায়িত্ব, গণতন্ত্র রক্ষার দায়িত্ব, মুক্তিযুদ্ধের স্বাধীনতার আদর্শ রক্ষার দায়িত্ব। এই দায়িত্ব আওয়ামী লীগকে পালন করতেই হবে। নির্বাচন থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই। সংবিধান অনুযায়ী যে নির্বাচন নির্ধারিত (৭ জানুয়ারি) হয়েছে তা থেকে পিছিয়ে আসার সুযোগ নাই। তারা যা কিছুই করুক সন্ত্রাস, আগুন।’
নির্বাচনের দুই দিন আগেও ভোট বর্জনে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘লিফলেট বিতরণ করে এই নির্বাচন বন্ধ করতে পারবে না। যত সন্ত্রাস তারা করতে যাক... খুবই রহস্যময় কিছু প্রোগ্রাম, আমরা অবাক হচ্ছি ৪ তারিখ তারা লিফলেট বিতরণ করছে।’
মন্ত্রী আরও বলেন, ‘এবার আমরা আগের চেয়েও বেশি প্রস্তুত। আমাদের প্রস্তুতি আগের চেয়ে বেশি। পরিকল্পনা, প্রস্তুত সবকিছুই সময় মতো সম্পন্ন করতে চাই। নির্বাচন যাতে জনগণের অংশগ্রহণমূলক হয় সে ব্যাপারে আমরা যথেষ্ট প্রস্তুত। আমি এক কথায় বলব সন্তোষজনক।’
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, উপপ্রচার সম্পাদক সায়েম খান প্রমুখ।