প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩ ১৩:২৯ পিএম
জাতীয় প্রেসক্লাবের সামনে ভোট বর্জনের লিফলেট বিতরণের আগে বক্তব্য দেন জয়নুল আবদিন ফারুক। প্রবা ফটো
নতুন বছর ২০২৪ সালেই স্বৈরাচার সরকারের পতন হবে বলে প্রত্যাশা করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।
রবিবার (৩১ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ভোট বর্জনের লিফলেট বিতরণের আগে এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
জয়নুল আবদিন ফারুক বলেন, ‘দেখেন বাংলাদেশের ইতিহাস শুধু নয়, সারা পৃথিবীর ইতিহাসে আছে কোনো স্বৈরাচার চিরস্থায়ীভাবে ক্ষমতায় টিকে থাকতে পারে না, কোনো স্বৈরাচার যারা গণতন্ত্রকে বিশ্বাস করে না সেই দল ক্ষমতায় টিকে থাকতে পারবে না। জনগণের বিজয় নিশ্চিত মনে রাখবেন। স্বৈরাচার ক্ষমতায় থাকবে না।’
তিনি বলেন, ‘আমাদের বিশ্বাস জনগণ আমাদের সঙ্গে আছে। আজকে রবিবার বিজয় দিন আসবেই।’
দ্বাদশ সংসদের নির্বাচন একতরফা অভিহিত করে সাবেক বিরোধীদলীয় প্রধান হুইপ বলেন, ‘বাংলাদেশের মানুষ এই অবৈধ সরকারের অধীনে একদলীয় নির্বাচনে অংশ গ্রহন করবে না। বাংলাদেশের গ্রামে-গঞ্জে-পাড়া-মহল্লায় আমরা লিফলেট বিতরণ করে যে সাড়া পেয়েছি তাতে জনগণ বলেছে, ৭ জানুয়ারি আমরা আমাদের পরিবার নিয়ে, সন্তান নিয়ে আমরা ঘরে থাকব, ভোট কেন্দ্রে যাব না, ভোটে অংশগ্রহন করব না।’
তিনি বলেন, ‘আমরা আজকে ষষ্ঠ দিন লিফলেট বিতরণ করে আপনাদের জানাতে চাই, এই সরকারের অধীনে নির্বাচনে জনগন অংশগ্রহন করবে না এই কারণে যে, যারা আজকে বলছে যে, জনগণের কাছে গিয়ে লিফলেট বিতরণ করে আমরা (বিএনপি) নাকি পশ্চাৎপদ হচ্ছি। কিন্তু জনগণ বলতে শুরু করেছে যে, আগামী ৭ তারিখ আওয়ামী লীগ পশ্চাৎপদ হবে। আমরা বলতে চাই, বিএনপি ও সমমনা দল শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে জনগনকে সম্পৃক্ত করে ৭ জানুয়ারির একতরফা নির্বাচন বর্জন করবে ইনশাল্লাহ।’
জাতীয়তাবাদী কৃষক দলের নেতা-কর্মীদের নিয়ে বেো ১১টায় জাতীয় প্রেসসক্লাবের সামনে ও তোপখানা রোডে পথচারি, দোকানদার, যানবাহনের যাত্রীদের হাতে ৭ জানুয়ারি ভোট বর্জনের লিফলেট তুলে দেন।
এ সময়ে কৃষক দলের খলিলুর রহমান ভিপি ইব্রাহিম, ওবায়দুর রহমান টিপু, শাহ আবদুল্লা্হ আল বাকী, ফজলে হুদা বাবুল, শাহাদাত হোসেন বিপ্লব, জাহাঙ্গীর আলম, মোজাম্মেল হক মিন্টু সওদাগর, রবিউল হোসেন রবি, নাঈম মমতাজী, দিপু হায়দার খান, শফিকুল ইসলামসহ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া মতিঝিলের এজিবি কলোনী কাঁচাবাজারে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক সিনিয়র সহসভাপতি ইয়াসীন আলী ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান লিফলেট বিতরণ করেন।