× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোট বর্জনে জনগণ একাট্টা হয়ে গেছে : জয়নুল আবদিন ফারুক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩ ১৪:০২ পিএম

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩ ১৪:৩৫ পিএম

ভোট বর্জনে জনগণ একাট্টা হয়ে গেছে বলে দাবি করেন জয়নুল আবদিন ফারুক। প্রবা ফটো

ভোট বর্জনে জনগণ একাট্টা হয়ে গেছে বলে দাবি করেন জয়নুল আবদিন ফারুক। প্রবা ফটো

আগামী ৭ জানুয়ারির ভোট বর্জনে গ্রাম-গঞ্জের জনগণ ‘একাট্টা’ হয়ে গেছেন বলে দাবি করেছেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক। শনিবার (৩০ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং তোপখানা রোড়ে ভোট বর্জনে লিফলেট বিতরণের আগে সাংবাদিকদের কাছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এই দাবি করেন।

জয়নুল আবদিন বলেন, ‘সরকার ভাই ভাইয়ে যে এক দলীয় নির্বাচন করতে যাচ্ছে… ৭ জানুয়ারির নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে না। কারণ আমরা আজকে পঞ্চম দিন লিফলেট বিতরণের কর্মসূচিতে পাড়া থেকে গ্রামে, গ্রাম থেকে শহরে যে অনুভূতিটা জনগণের কাছ থেকে পাচ্ছি, মানুষের কাছ থেকে পাচ্ছি, ভোটারের কাছ থেকে পাচ্ছি, তারা এই নির্বাচনে অংশগ্রহণ করবে না।’

মানুষ কেন এই নির্বাচনে অংশগ্রহণ করবে না জানতে চাইলে তিনি বলেন, ‘কারণ, এটা একটি একদলীয় নির্বাচন। যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা সবাই এক দলের সমর্থক, তাদের নেতা এক, তাদের সভাপতি এক। সেই কারণে জনগণ এই প্রহসনের নির্বাচনে ভোট দিতে যাবে না।’

৭ জানুয়ারি ভোট হচ্ছে, বিএনপি কী করবে এরকম প্রশ্নের জবাবে সাবেক বিরোধীদলীয় প্রধান হুইপ বলেন, ‘আমরা আন্দোলনে আছি, আমরা চেষ্টা করছি যে, জনগণকে সম্পৃক্ত করে আন্দোলনে রাজপথে থাকব, সরকারের একদলীয় নির্বাচনের প্রতিবাদ করে যাব। আমরা মনে করি, ৭ জানুয়ারি ২০১৪ সালের মতো আরেকটি ভোটারবিহীন নির্বাচন সরকার করবে। আমরা জনগণকে এই ভোট বর্জনের কথা বলছি। বলছি ভোটের দিন ঘরে থাকুন, কেউ ভোটকেন্দ্রে যাবেন না। আমরা প্রতিহত শব্দটা এখন বলছি না, আমরা জনগণকে সম্পৃক্ত করছি। আমরা কী করব, এখনও সময় আমাদের আছে।’

২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনের পঞ্চমবর্ষের প্রসঙ্গ টেনে ফারুক বলেন, ‘২০১৮ সালে বিশ্বাস করে নির্বাচনে গিয়েছিলাম। সেই বিশ্বাস সরকার ভঙ্গ করেছে। তারা দিনের ভোট রাতে করে প্রমাণ করেছে যে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। সেই নির্বাচনের মতো আরেকটি নির্বাচন করতে পারবে, কিন্তু আমি আগেই বলেছি, শুক্রবারের পর শনিবার আসে, রবিবারের পর সোমবার আসে।’

এদিন জাতীয়তাবাদী উলামা দলের নেতাকর্মীদের নিয়ে জয়নুল আবদিন ফারুক পথচারী, দোকানদারসহ সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন। এ ছাড়া উত্তরার ১২ ও ১৩নং সেক্টর এবং তুরাগ এলাকায় ভোট বর্জনের লিফলেট বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ধানমন্ডির এলিফ্যান্ট রোডে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম নেতাকর্মীদের নিয়ে ভোট বর্জনে লিফলেট বিতরণ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা