× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ইমিটেশন’ নির্বাচনে সরকার পার পাবে না : রিজভী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩ ১১:১৮ এএম

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩ ১২:১২ পিএম

ধানমন্ডির পুরাতন ১৫ নম্বর সড়কে কাঁচাবাজারে লিফলেট বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রবা ফটো

ধানমন্ডির পুরাতন ১৫ নম্বর সড়কে কাঁচাবাজারে লিফলেট বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রবা ফটো

৭ জানুয়ারি ‘ইমিটেশন’ নির্বাচন করে সরকার পার পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে ধানমন্ডিতে নির্বাচন বর্জনে লিফলেট বিতরণ শেষে তিনি এ হুঁশিয়ারি দেন।

রিজভী বলেন, ‘৭ জানুয়ারি বাংলাদেশে কোনো নির্বাচন হচ্ছে না। এটি একটি ভাগবাঁটোয়ারার নির্বাচন, একটি তামাশার নির্বাচন, একটি ইমিটেশনের নির্বাচন।’

তিনি বলেন, ‘এ নির্বাচন দেশের মালিক জনগণের নির্বাচন নয়। জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটি ডামি নির্বাচন করে সরকার বিদেশিদের দেখাতে চায় দেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন হচ্ছে। তারা যত ষড়যন্ত্র করুক না কেন লাভ হবে না, সরকার পার পাবে না।’

বিএনপির এই নেতা বলেন, ‘ভোটারদের প্রতি আমাদের আহ্বানএ ডামি নির্বাচন বর্জন করুন। ভোটের দিন ঘরে থাকুন, ভোটকেন্দ্রে যাবেন না।’

তিনি বলেন, ‘ভোটকেন্দ্রে না গিয়ে এ অবৈধ নির্বাচনকে না বলুন। গতকাল প্রধানমন্ত্রী বলেছেন, নির্বাচন নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র-চক্রান্ত হচ্ছে।’

রিজভী বলেন, ‘নির্বাচন নিয়ে ষড়যন্ত্র তো আপনারাই করছেন। বাংলাদেশে ডামি নির্বাচনের আয়োজন করতে প্রতিবেশী দেশ সরাসরি হস্তক্ষেপ করছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে সরকার বাংলাদেশকে একটি দেশের করদরাজ্যে পরিণত করেছে। জনগণ ওদের এ নীলনকশা সফল হতে দেবে না।’

সকাল সাড়ে ৭টায় ধানমন্ডির পুরাতন ১৫ নম্বর সড়কে কাঁচাবাজারে লিফলেট বিতরণ করেন বিএনপির এই নেতা।

ভোট বর্জনে জনমত গড়ে তুলতে ২৬ ডিসেম্বর থেকে বিএনপি সারা দেশে গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি পালন করছে। নেতাকর্মী নিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র গ্রুপে কেন্দ্রীয় নেতারা সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দিচ্ছেন। এ লিফলেটে জনগণকে ৭ জানুয়ারি ভোট বর্জন ও সরকারকে অসহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

১৫-১৬ জন নেতাকর্মী নিয়ে কিছু সময় লিফলেট বিতরণ করে রিজভী আত্মগোপনে চলে যান। প্রায় প্রতিদিন তাকে রাজধানীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করতে দেখা যাচ্ছে।

এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সহ অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য আরিফা সুলতানা রুমা, নাদিয়া পাঠান পাপন, রামপুরা থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নীলুফার ইয়াসমীন নীলু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি তারেক উজ জামান তারেক, যুগ্ম সম্পাদক শওকত আরা উর্মি, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়াল, সহ সাধারণ সম্পাদক আজিজুল হক জিয়ন, সহ সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি, মুন্সীগঞ্জ জেলা বিএনপি নেতা শাহ আলম ব্যাপারী, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সদস্য জাহিদ সাগর, ঢাকা কলেজ ছাত্রদল সহ সভাপতি শাহাবুদ্দীন ইমন, মৎস্যজীবী দলের সদস্য আবু সাঈদ, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জুয়েল রানা, আলিয়া মাদ্রাসার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ছানাউল্লাহ, হিরোন, আইএইচটি সাবেক সদস্য সচিব রাফসান হোসেন, প্যাব সাংগঠনিক সম্পাদক মহসিন হোসেন, দপ্তর সম্পাদক হাসান, কেন্দ্রীয় ছাত্রদল নেতা মিরাজ হোসেন, ডা. মুশফিক, আশরাফুল আসাদ, ফরহাদ, আদাবর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসান সিকদার-সহ নেতাকর্মীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা