প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩ ১৪:১২ পিএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩ ১৪:২০ পিএম
আসন্ন নির্বাচনকে ‘একতরফা নির্বাচন’ আখ্যা দিয়ে এতে জনগণের মত প্রকাশের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন বর্জন করা বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তাই গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য এই নির্বাচন বর্জন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বিএনপির ‘অসহযোগ আন্দোলন’ সফল করতে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে লিফলেট বিতরণের সময় তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘আজকে এই দেশে গণতন্ত্রের নামে প্রহসন চলছে, নির্বাচনী খেলা চলছে, আমরা আর ডামিরা নির্বাচন চলছে। এই নির্বাচনে জনগণের মত প্রকাশের কোনো সুযোগ নাই। এই নির্বাচনে কোনো বিরোধী দল অংশগ্রহণ করছে না। কাজেই এই নির্বাচন জনমতের কোনো প্রতিফলন হবে না। যেহেতু সরকারবিরোধী কোনো প্রার্থী নির্বাচনে নাই সেহেতু নির্বাচনে ভোট দেওয়ার কোনো গুরুত্ব নাই, কোনো সুযোগ নাই। সেজন্য দেশের জনগণ তার গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্যই এই নির্বাচন বর্জন করবে।’
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনার পছন্দের প্রার্থী বাছাইয়ের সুযোগ যেহেতু এই নির্বাচনে নাই… অতএব এই নির্বাচন বর্জন করুন। এই নির্বাচন একটা অবৈধ সরকার, একটা দুর্নীতিবাজ দেশের অর্থ-সম্পদ লুটকারী এবং দেশের মানুষের অধিকার হরণকারী একটা সরকারের মেয়াদ বৃদ্ধির অপচেষ্টামাত্র। আপনারা তাদেরকে না বলুন, আপনারা তাদের বিরুদ্ধে অবস্থান নিন এবং এই নির্বাচনী খেলা ব্যর্থ করে দিন।
‘আমরা দেশবাসীর কাছে আরও আহ্বান জানাচ্ছি যে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার যে লড়াই সেই লড়াইয়ে আপনারা শামীল হোন এবং একটা নির্দলীয় সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যে লড়াই সেই লড়াইকে বিজয় করুন,’ যোগ করেন বিএনপির এই নেতা।
নজরুল ইসলাম খান আরও বলেন, ‘আসুন গণতন্ত্রের লড়াইকে বিজয়ী করে আমরা এমন এক বাংলাদেশ প্রতিষ্ঠা করি, যে বাংলাদেশ হবে আমাদের বাংলাদেশ, জনগণের বাংলাদেশ।’
‘বায়ু দূষণই আওয়ামী লীগের উন্নয়নের রোল মডেলের নুমনা’
দ্বাদশ সংসদ নির্বাচনের আগে গতকাল আওয়ামী লীগ দলের ইশতেহার দিয়েছে। ‘স্মার্ট বাংলাদেশ: উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান’ — এই স্লোগানে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইশতেহার ঘোষণা করেন।
ক্ষমতাসীন দলটির ঘোষিত ইশতেহার নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘বায়ু দূষণে ঢাকা শহর এখন বিশ্বের শীর্ষ স্থানে— এটাই আওয়ামী লীগের উন্নয়নের রোল মডেলের নুমনা।’
তিনি বলেন, ‘নির্বাচনের নামে যে খেলা আমরা দেখছি, সেই খেলার অংশ হিসেবে গতকাল (বুধবার) দেখলাম ক্ষমতাসীন দল একটা ইশতেহার ঘোষণা করেছে। এতে অনেক বড় বড় কথা আছে। কিন্তু গতকালই বাংলাদেশের এই ঢাকা মহানগর ছিল বায়ু দূষণে সারা দুনিয়াতে শীর্ষে।’
‘তারা বলে যে, দেশ উন্নয়নের রোল মডেল হয়েছে। কি উন্নয়ন হলো? তাহলে এতো বছরে যে, আমরা ঢাকা শহরকে বায়ু দূষণে বিশ্বের শীর্ষ করেছি। আমরা এই বাংলাদেশের জনগণের লক্ষ-হাজার-কোটি টাকা লুট হতে দেখলাম, আমরা জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ হতে দেখলাম, বিনা ভোটে এমপি হতে দেখলাম, রাতের ভোটে সরকার গঠন দেখলাম… এসব কি কোনো কিছু রোল মডেল কারও জন্য?’ যোগ করেন বিএনপির এই নেতা।
নজরুল ইসলাম খান বলেন, ‘হ্যাঁ, যারা গণতন্ত্র মানে না, যাদের কাছে ক্ষমতাই মুখ্য, যাদের কাছে লুটপাটই পেশা… তাদের কাছে এটা মডেল। কিন্তু বাংলাদেশের জনগণ এটাকে মডেল মনে করে না।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধের চেতনায় উদ্দীপ্ত হয়ে সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ, সত্যিকারের সমৃদ্ধ বাংলাদেশ, সকলের জন্য উন্নয়নের বাংলাদেশের স্বপ্ন দেখে; আমরা সেই স্বপ্ন পূরণের লড়াইয়ে আছি। ইনশাল্লাহ, এই লড়াইয়ে আমরাই বিজয়ী হব, বাংলাদেশের জনগণ বিজয় হবে।’