প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩ ০১:২০ এএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩ ১০:৫২ এএম
ঢাবি ছাত্রদল সভাপতি খোরশেদ আলম সোহেল (বাঁয়ে) ও কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান পলাশসহ (ডানে) ১১ জনকে গ্রেপ্তার করেছে ডিবি। প্রবা ফটো
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান পলাশসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৭ ডিসেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে নির্বাচন বানচালের লক্ষ্যে ছাপানো ৫০ হাজার লিফলেট, বোমা তৈরির সরঞ্জাম, তাজা বোমা, গান পাউডারসহ নাশকতায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের দাবি করেছে ডিবি।
ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নির্দেশনা এবং নেতৃত্বে গ্রেপ্তাররা বিভিন্ন নাশকতামূলক কাজ ও নির্বাচন বানচালের লক্ষ্যে লিফলেট বিতরণ করছিল।
হারুন অর রশীদ বলেন, নির্বাচন বানচাল চেষ্টার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ছাত্রদল নেতা খোরশেদ আলম সোহেল ও কৃষক দল নেতা মেহেদি হাসান পলাশের দেওয়া তথ্যানুযায়ী রাজধানীর কাঁটাবনে প্রাইম প্রিন্টার্সে অভিযান চালিয়ে ৫০ হাজারের বেশি লিফলেট উদ্ধার করেছে পুলিশ। সেখান থেকে আরও নয়জনকে গ্রেপ্তার করা হয়।
ডিবিপ্রধান আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, রুহুল কবির রিজভীসহ বিএনপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশে নাশকতার উদ্দেশ্যে এসব লিফলেট ও গান পাউডার মজুদ করেছিলেন। এসব গান পাউডার দিয়ে ২০০টির বেশি ককটেল বানানো সম্ভব। ৭ জানুয়ারি কেউ যেন ভোট দিতে না যায়, সেসব তথ্য লিফলেটে প্রচার করা হচ্ছিল। তারা রাষ্ট্র, সংবিধান ও দেশ বিরোধী কাজ করেছে। নাশকতার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।