প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩ ১৪:৪৪ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩ ১৭:০৯ পিএম
ছবি : সংগৃহীত
হেফাজতে ইসলামের ডাকা আগামী ২৯ ডিসেম্বরের মহাসমাবেশ স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সংগঠনটির প্রচার সম্পাদক মুফতি কিফায়াতুল্লাহ আজহারীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ ডিসেম্বর বায়তুল মোকাররমের উত্তর গেটে মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি, ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত হেফাজতের নেতাকর্মীদের নামে দায়ের করা সব মামলা প্রত্যাহার এবং জাতীয় শিক্ষা কারিকুলাম থেকে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক সব বিষয় বাতিলের দাবিতে হেফাজতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই সমাবেশ থেকে আগামী ২৯ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দেওয়া হয়।
কিন্তু হেফাজতে ইসলাম বাংলাদেশের নীতিনির্ধারণী ফোরামের মুরুব্বিরা দেশের চলমান সার্বিক অবস্থা বিবেচনা করে এ সময় আপাতত মহাসমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন।
বিজ্ঞপ্তিতে নীতিনির্ধারণী ফোরাম দ্রুত সময়ের মধ্যে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলে জানায় হেফাজত।