প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩ ১৫:২৩ পিএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩ ১৫:২৪ পিএম
ঢাকা-১৮ আসনের কেটলি মার্কার প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. খসরু চৌধুরী সিআইপি বলেছেন, ‘২০১৬ সালে দক্ষিণখান ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত হলেও কাঙ্খিত উন্নয়নের ছোঁয়া লাগেনি। অধিকাংশ সড়ক ভাঙাচোরা। সামন্য বৃষ্টিতেই হাঁটুপানি জমে। ড্রেনেজ ব্যবস্থাও খুব খারাপ। আছে অপরিচ্ছন্নতা ও মশার যন্ত্রণা। আমি এমপি নির্বাচিত হলে সর্বাগ্রে এসব সমস্যার সমাধানের চেষ্টা করব।’
সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর দক্ষিণখানের আজমপুর রেলগেট কাঁচাবাজার এলাকায় নির্বাচনী গণসংযোগে তিনি এ প্রতিশ্রুতি দেন।
খসরু চৌধুরী বলেন, ‘আমি সংসদ সদস্য নির্বাচিত হলে এই আসনের নাগরিকদের সিটি করপোরেশনের নিকট থেকে প্রাপ্য সকল সুযোগ-সুবিধা সুনিশ্চিত করা হবে। জরুরি ভিত্তিতে ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশনের পদক্ষেপ গ্রহণ, রাস্তা উন্নয়ন, নির্মাণ ও সংস্কার করা, সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা উন্নয়ন ও গ্যাস প্রবাহ সমস্যার সমাধান করা হবে।’
তিনি আরও বলেন, ‘মানসম্মত শিক্ষাব্যবস্থা বাস্তবায়ন ও দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি প্রদান করা হবে। ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের উন্নয়ন ও বিনামূল্যে ওয়ার্ডভিত্তিক ধর্মীয় শিক্ষা প্রদান করা হবে। মাদক, সন্ত্রাস, ঘুষ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ঢাকা-১৮ আসনের এই স্বতন্ত্র প্রার্থী আরও প্রতিশ্রুতি দেন, ‘প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে একটি করে খেলার মাঠ নির্মাণ, মাদক থেকে দূরে থাকার জন্য শিশু, কিশোর ও যুবকদের মাঝে ক্রীড়া সরঞ্জাম দেওয়া হবে। চিকিৎসাব্যবস্থা উন্নয়ন, দরিদ্রদের মাঝে চিকিৎসা সহায়তা ও স্বাস্থ্য ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হবে। কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে বেকার যুব সমাজের বেকারত্ব দূরীকরণ করা হবে।’
তিনি বলেন, ‘ঢাকা-১৮ সংসদীয় আসনে একটি বয়স্ক পূর্নবাসন কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। অঞ্চলভেদে প্রয়োজনীয়তার নিরিখে সরকারি হাসপাতাল ও কবরস্থান নির্মাণ করা হবে। ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান মসজিদ, মাদ্রাসা, মন্দির, স্কুল, কলেজ, স্থাপন ও উন্নয়নে কাজ করা হবে। সেক্টর কল্যাণ সমিতিগুলোতে নিয়মিত নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের সুব্যবস্থা করা হবে। মশক নিধন অভিযান জোরালো করা হবে। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এসময় তার সঙ্গে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যকরী সদস্য কাজী সালাউদ্দিন পিন্টু, দক্ষিণখান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম মাসুদুজ্জামান মিঠু, উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিলন, আওয়ামী লীগ নেতা সেলিম খানসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।