× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচনী ইশতেহার

সরকারে এলে প্রাদেশিক শাসন ব্যবস্থা চালু করবে জাতীয় পার্টি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩ ১৫:৩২ পিএম

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩ ১৬:৩২ পিএম

সরকারে এলে প্রাদেশিক শাসন ব্যবস্থা চালু করবে জাতীয় পার্টি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে দেশের শাসন ব্যবস্থায় পরিবর্তন করবে জাতীয় পার্টি (জাপা)। শাসন ব্যবস্থা প্রাদেশিক করে দেশ পরিচালনা করা হবে– এমন প্রতিশ্রুতি দিয়েছে জাপা। বিষয়টিকে প্রাধান্য দিয়ে দলের ২৪ দফার নির্বাচনী ইশতেহারে প্রথম দফায় রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে ইশতেহার ঘোষণা করেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু।

জাতীয় পার্টি বলছে, জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলে দেশের শাসন ব্যবস্থা পরিবর্তন করে প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তন করা হবে। সরকার কাঠামো হবে দুই স্তরবিশিষ্ট– কেন্দ্রীয় সরকার ও প্রাদেশিক সরকার। 

কেন্দ্রীয় সরকারকে বলা হবে ফেডারেল সরকার। ফেডারেল সরকারে থাকবে ৩০০ আসনবিশিষ্ট জাতীয় সংসদ। প্রাদেশিক সরকারে প্রতি উপজেলা বা থানাকে এক একটি আসন হিসেবে বিবেচনা করা হবে। 

দেশের আট বিভাগকে আটটি প্রদেশে উন্নীত করা হবে– এগুলোর নাম হবে উত্তরবঙ্গ, বরেণ্য, জাহাঙ্গীরনগর, জালালাবাদ, জাহানারাবাদ, চন্দ্রদীপ, ময়নামতি ও চট্টলা প্রদেশ। 

এই শাসন ব্যবস্থা প্রবর্তনের পক্ষে জাতীয় পার্টির যুক্তি হলো– যদিও এটা দেশের প্রশাসনিক একটা আমূল সংস্কারের বিষয়, তবুও দলটি মনে করে পাঁচ বছর সময়ের মধ্যে প্রাদেশিক ব্যবস্থা পূর্ণাঙ্গরূপে বাস্তবায়ন করা সম্ভব। 

প্রকৃতপক্ষে প্রাদেশিক শাসন ব্যবস্থা কেমন হবে– এ ব্যাপারে একটি রূপরেখা জনগণের সামনে তুলে ধরা হবে বলে জানিয়েছে জাতীয় পার্টি। প্রাথমিকভাবে ইশতেহারে বলা হয়েছে, রাজধানীতে অবস্থিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫০ শতাংশের সদর দপ্তর স্থানান্তর করা হবে।

জাপার নির্বাচনী ইশতেহারে ২৪ দফার প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তন ছাড়াও আছে, নির্বাচন পদ্ধতির সংস্কার, পূর্ণাঙ্গ উপজেলা ব্যবস্থা প্রবর্তন, সুশাসনের বাংলাদেশ, বিচার বিভাগের স্বাধীনতা ও মামলাজটের অবসান, শিক্ষিত/অশিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, শিক্ষাপদ্ধতির সংশোধন, সন্ত্রাস দমন ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, ইসলামের আদর্শ ও ধর্মীয় মূল্যবোধ, সর্বোচ্চ ভর্তুকি দিয়ে কৃষকের কল্যাণ সাধন, খাদ্যনিরাপত্তা, নদী সংরক্ষণ ও ভাঙনরোধে ব্যবস্থা, জ্বালানি ও বিদ্যুৎ খাতে স্থিতিশীলতা, শিল্প ও অর্থনীতির অগ্রগতি সাধন, ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর স্বার্থ সংরক্ষণ, পররাষ্ট্রনীতিতে সবার সঙ্গে বন্ধুত্ব, নারী সমাজের কল্যাণ সাধন, জলবায়ু পরিবর্তন ও নবায়নযোগ্য জ্বালানি, আর্থিক প্রতিষ্ঠান-মুদ্রানীতি-রাজস্বনীতির সংস্কার, গুচ্ছগ্রাম পথকলি ট্রাস্ট পুনঃপ্রতিষ্ঠা, রেশনিং চালু, যোগাযোগ ব্যবস্থার সংস্কার ও অভিবাসন।

নানা নাটকীয়তার পর ১৭ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণের চূড়ান্ত ঘোষণা দেয়। এবার দলটি এককভাবে ২৮৭টি আসনে প্রার্থী দিলেও ২৬টি আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে তাদের সমঝোতা হয়েছে।

নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে ইশতেহারে ব্যাখ্যা দিয়ে জাতীয় পার্টি বলেছে, গণতন্ত্রকে অর্থবহ করতে হলে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করতে হবে। সেই লক্ষ্য সামনে রেখে জাতীয় পার্টি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ, সংসদের বিরোধী দল জাতীয় পার্টিসহ ২৭ দল। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে ১ হাজার ৮৯৬ জন।

১৫ নভেম্বর তফসিল ঘোষণা দেন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, নির্বাচনের ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, তা যাচাই-বাছাই চলে ১-৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল ১৭ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়ার মধ্য দিয়ে শুরু হওয়া নির্বাচনী প্রচার শেষ হবে ৫ জানুয়ারি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা