প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩ ২১:৩১ পিএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩ ২২:০২ পিএম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামীকাল বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) নির্বাচনী ইশতেহার প্রকাশ করবে জাতীয় পার্টি (জাপা)।
এদিন দুপুর ১২টার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু দলের পক্ষ থেকে এ ইশতেহার ঘোষণা করবেন।
বুধবার (২০ ডিসেম্বর) জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের তত্ত্বাবধানে এবারের ইশতেহার চূড়ান্ত করেছে দলটি। দেশের চলমান বাস্তবতায় কর্মসংস্থান, বিকেন্দ্রীকরণ, বিচারব্যবস্থা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, অর্থ পাচার রোধসহ অনেক গুরুত্বপূর্ণ ও সুনির্দিষ্ট পদক্ষেপের ঘোষণা থাকবে জাতীয় পার্টির ইশতেহারে।
এ প্রসঙ্গে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, এবারের ইশতেহারে এমন কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে, যা বড় রাজনৈতিক দলগুলোও হয়তো ভাবছে না।
এবারের নির্বাচনে ক্ষমতাসীনদের কাছ থেকে ছাড় পাওয়া ২৬টিসহ মোট ২৭৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে দলটি। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী এরই মধ্যে প্রতীক নিয়ে প্রচার চালাচ্ছেন দলের প্রার্থীরা।
আগামী ৭ জানুয়ারি ভোটের দিন নির্ধারণ করা হয়েছে।