প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩ ১৫:০১ পিএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩ ১৫:৫৪ পিএম
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি যৌথভাবে এ শোভাযাত্রা করছে। প্রবা ফটো
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহান বিজয় দিবসের শোভাযাত্রা শুরু হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) দুপুর পৌনে ২টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শোভাযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশ শুরু হয়। এরপর মুনাজাত করা হয়।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি যৌথভাবে এ শোভাযাত্রা করছে। এটি শান্তিনগরে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন বিএনপি নেতাকর্মীরা। তারা পোস্টার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে ‘একতরফা’ নির্বাচনের তফসিল বাতিল এবং সরকারের পদত্যাগ ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানা স্লোগান দিতে দিতে নয়াপল্টনে আসেন।
শোভাযাত্রা শুরুর আগে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আবদুল মঈন খান।
মঈন খান বলেন, ‘৫২ বছর আগে মুক্তিযুদ্ধে বিজয় লাভ করে স্বাধীন দেশের সূচনা হয়েছিল। বিজয় হয়েছিল গণতন্ত্রের। বর্তমান সরকার সেই গণতন্ত্র হত্যা করে আজ বিজয় দিবসকে পরাজয় দিবসে পরিণত করেছে। পাকিস্তান আমলে ২২ পরিবারমুক্ত অর্থনীতি প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল। বর্তমানে ২২ হাজারের বেশি পরিবার সৃষ্টি করে অলিগার্কি (গোষ্ঠীশাসনতন্ত্র) প্রতিষ্ঠার মাধ্যমে বিজয় দিবসকে পরাজয় দিবসে পরিণত করেছে এ সরকার।’
গেল দুটি সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে নজরুল ইসলাম খান বলেন, ‘২০১৪ সালের নির্বাচনে প্রার্থী ছিল না, ২০১৮ সালের নির্বাচন রাতেই হয়ে গেছে। এবারে নির্বাচনকে বলা হচ্ছে ডামি নির্বাচন। এ ডামি নির্বাচন করতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। এ নির্বাচনে কারা নির্বাচিত হবে তা সবাই জানে। এত ভণিতা না করে এদের নাম ঘোষণা করে দিলেই হয়! হাজার কোটি টাকা খরচ করে ইলেকশন ইলেকশন খেলার কোনো প্রয়োজন নাই।’
‘এ রসিকতা ও খেলার জন্য মুক্তিযুদ্ধ করিনি। আমরা চাই দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হোক। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ইলেকশন হোক। সেই নির্বাচন আদায়ের জন্য আমরা আন্দোলন করছি। এ লড়াই চলবে,’ বলেন তিনি।