প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩ ১৫:৪৫ পিএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩ ১৫:৪৫ পিএম
তফসিল বাতিল ও সরকার পতনের একদফা দাবিতে বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা অবরোধের সমর্থনে এ মিছিল করে সমমনা জোট। প্রবা ফটো
নির্বাচন আয়োজনের মাধ্যমে নির্বাচন কমিশন (ইসি) সরকারের উদ্দেশ্য বাস্তবায়ন করছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।
তিনি বলেন, ‘এই অবৈধ নির্বাচনের প্রক্রিয়ায় যারাই জড়িত থাকবেন, তাদেরকে দেশের জনগণের কাছে একদিন জবাবদিহি করতেই হবে।’
বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পল্টনে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তারা একটি মিছিল বের করেন। পল্টন মোড় ঘুরে বিজয়নগর হয়ে পল্টনের আল রাজি কমপ্লেক্সের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়।
ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘আওয়ামী লীগ সরকার একতরফা নির্বাচনের মাধ্যমে দেশকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। জনমত উপেক্ষা করে দমন-পীড়নের মাধ্যমে অবৈধ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে নীলনকশা বাস্তবায়ন করছে।’
তিনি বলেন, ‘হালুয়া রুটি খাওয়ার জন্য সরকারের উচ্ছিষ্টভোগীরা দেন দরবারে ব্যস্ত। আওয়ামী লীগের আর্শিবাদপুষ্ট দলও নৌকাকে বিশ্বাস করে না। তাই জয়লাভ নিশ্চিত করতে তারা নৌকা প্রত্যাহার চায়।’
দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল ও সরকার পতনের একদফা দাবিতে বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা অবরোধের সমর্থনে এ মিছিল করে সমমনা জোট।
মিছিলে এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, সাধারণ সম্পাদক এসএম শাহাদাত, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন শিল্পী, গণদল চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, ভাইস চেয়ারম্যান শাহ আলম হাওলাদার, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান শাওন সাদেকী, এনডিপি মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেল, এনপিপির প্রেসিডিয়াম সদস্য নবী চৌধুরী, মো. ফখরুজ্জামানসহ জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।