× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহবাগে বাধা পেয়ে প্রেস ক্লাবে মায়ের ডাকের কর্মসূচি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩ ১৮:৩৫ পিএম

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩ ১৮:৫৩ পিএম

শাহবাগ থেকে বাধা পেয়ে মায়ের ডাকের সদস্যদের মিছিল পরে প্রেস ক্লাবের দিকে যায়। ছবি  : সংগৃহীত

শাহবাগ থেকে বাধা পেয়ে মায়ের ডাকের সদস্যদের মিছিল পরে প্রেস ক্লাবের দিকে যায়। ছবি : সংগৃহীত

জাতীয় মানবাধিকার দিবস উপলক্ষে শনিবার (৯ ডিসেম্বর) মায়ের ডাকের সমাবেশের কর্মসূচি ছিল রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা ১১টার দিকে সেখানে জড়ো হন সংগঠনটির নেতাকর্মীরা। কিন্তু পুলিশের বাধার মুখে সমাবেশ হয় জাতীয় প্রেস ক্লাবের সামনে। জাদুঘরের সামনে থেকে মিছিল করে প্রেস ক্লাবের সামনে যান নেতাকর্মীরা।

গুম, খুন, ক্রসফায়ার, কারা নির্যাতন বন্ধের দাবিতে এই সমাবেশ হয়। সমাবেশে মায়ের ডাকসহ সরকারবিরোধী বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও তাদের স্বজনহারা পরিবারের সদস্যরা ক্ষোভ প্রকাশ করে বক্তব্য দেন। সূত্রাপুর থানা ছাত্রদলের সভাপতি সেলিম রেজা পিন্টুর বোন রেহানা বানু মুন্নী বলেন, তার ভাইকে ২০১৩ সালের ১১ ডিসেম্বর মাঝরাতে বাসা থেকে তুলে নেওয়া হয়। তাকে সাত-আটজন অস্ত্রধারী প্রশাসনের লোক পরিচয়ে তুলে নিয়েছিল। আজও তিনি ভাইয়ের কোনো খোঁজ পাননি।

রেহানার মতো আরও অনেকে তাদের স্বজন হারানোর কথা জানান। নিউ মার্কেট থানা ছাত্রদলের সভাপতি বাচ্চুর বোন ঝুমুর আক্তার বলেন, ‘আমার ভাইকে ২০১৪ সালে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। আমাকে গ্রেপ্তার করা হয়েছে।’ তিনি বলেন, ‘আমার ভাইকে তো মেরে ফেলা হয়েছে। যাদের ভাই এখনও গুম রয়েছে তাদের আমরা ফেরত চাই।’

মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি অভিযোগ করেছেন, শাহবাগের সামনে থেকে তাদের পুলিশ সদস্যরা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। তারা মানবাধিকার লঙ্ঘন করেছেন। তিন হাজার ৬৫৩ দিন ধরে তার ভাই নিখোঁজ রয়েছেন বলে তিনি জানান। তিনি বলেন, ‘যত দিন আমাদের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার ফেরত না পাব তত দিন আমরা আওয়াজ তুলব এবং আমরা আমাদের সব ভাইকে ফেরত আনব।

গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করছে তাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে।’ যারা বিচারের নামে প্রহসন করছেন তাদেরও আইনের মুখোমুখি হতে হবে বলে হুমকি দেন তিনি।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘মায়ের ডাক সংগঠনকে সবাই চেনে। হাজার হাজার মায়ের কান্না ও গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে সংগঠনটি গড়ে উঠেছে। তাদের সমাবেশে যেভাবে পুলিশ ধাক্কা দিয়েছে, যেভাবে পুলিশ তাদের হেনস্থা করেছে, লাঞ্ছিত করেছে এবং তাদের সেখানে সমাবেশ করতে দেওয়া হয়নি। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এর একটি প্রমাণ বহন করে।’

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র সহসভাপতি তানিয়া রব বলেন, ‘আমাদের কেন শাহবাগে দাঁড়াতে দেওয়া হলো না? আমরা কি দেশের নাগরিক নই, আমরা ট্যাক্স দেই না?’ কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ বক্তব্য রাখেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা