প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩ ২০:৫৫ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩ ২১:০৯ পিএম
কিশোরগঞ্জে-২ আসনে বাদ পড়া স্বতন্ত্র প্রার্থী, বিএনপির বহিষ্কৃত নেতা, সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান বলেছেন, বিএনপির সর্বনাশ করেছেন তারেক রহমান।
প্রার্থিতা ফিরে পেতে শুক্রবার (৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনে আপিল করতে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। ঋণখেলাপি ও মামলার তথ্য না দেওয়ায় রিটার্নিং অফিসার তার মনোনয়নপত্র বাতিল করেছেন বলে জানা গেছে।
আখতারুজ্জামান বলেন, বিএনপির বর্তমান কার্যকলাপের বিরুদ্ধে আমি প্রকাশ্যে বিদ্রোহ করছি। আমি তারেক রহমানের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ করছি। উনি যেভাবে আমাদের দলটি চালাচ্ছেন, সেভাবে আমাদের দলের সর্বনাশ হয়ে যাচ্ছে। লাখ লাখ নেতাকর্মী আজ গৃহহারা, পালিয়ে বেড়াচ্ছেন। আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন ভদ্রলোককে উচ্চ আদালত জামিন দেননি। এর চেয়ে নির্মমতা আর কী থাকতে পারে? এর দায়দায়িত্ব কার? কেন এ রকম একটা মামলায় আমরা জড়ালাম? উচ্চ আদালতে প্রধান বিচারপতির বাড়িতে কেন আমাদের কর্মীরা হামলা করবে? কেন দলের কর্মীদের ওপর আমাদের নিয়ন্ত্রণ নাই, কী রাজনীতি করি আমরা?
নিজের মনোনয়নপত্র বাতিল সম্পর্কে তিনি বলেন, মামলার তথ্য লিখি নাই- এই কথা বলা হয়েছে আমাকে। এই তথ্য যদি লিখতে হয়, তাহলে আমি বলব, প্রধানমন্ত্রী থেকে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বড় বড় রাঘববোয়াল নেতারা সবাই বাদ পড়বেন। কেননা এত হাজার হাজার মামলা এক জীবনে খেয়েছেন, আমরাও খাচ্ছি- এ গুলো লেখার জায়গায় নাই। অনেক মামলাই তো খারিজ হয়েছে, বেকসুর খালাস হয়েছে। আমি যেগুলো থেকে বেকসুর খালাস হয়েছি, সেগুলোর তথ্য কেন লিখতে হবে। উনারা লিখবে না, আমরা লিখব কেন? দশ বছর আগের মামলার যদি খালাস পেয়ে থাকি তাহলে কেন সেই দাগ নিয়ে আমাকে ঘুরতে হবে। এটা তো ন্যায়বিচার না।